সোমবার, মে ২৫, ২০২৬

ভিসা বন্ডের কড়াকড়ি বাড়াল যুক্তরাষ্ট্র,তালিকায় যুক্ত হলো বাংলাদেশ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৬-০১-০৭ ১১:৪৮:৫৪

যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভিসা আবেদনের ক্ষেত্রে আর্থিক জামানত বা ‘ভিসা বন্ড’ বাধ্যতামূলক যেসব দেশের নাগরিকদের জন্য, সেই তালিকা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারণ করেছে ট্রাম্প প্রশাসন। সর্বশেষ হালনাগাদে বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের নাম যুক্ত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।
মঙ্গলবার (৬ জানুয়ারি) স্টেট ডিপার্টমেন্টের ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্যে জানানো হয়, বাংলাদেশের নাগরিকদের জন্য এই নতুন ভিসা বন্ড নীতি আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে। এই ব্যবস্থার আওতায় আবেদনকারীদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত দিতে হতে পারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকার সমান।
স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, কোনো আবেদনকারী ভিসার জন্য যোগ্য বিবেচিত হলেও কনস্যুলার কর্মকর্তা চাইলে তার ভ্রমণের উদ্দেশ্য, ব্যক্তিগত প্রেক্ষাপট ও সাক্ষাৎকারের মূল্যায়নের ভিত্তিতে ভিসা বন্ড আরোপ করতে পারবেন। এই বন্ডের পরিমাণ নির্ধারিত হবে তিনটি স্তরে—৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার।
ভিসা বন্ড মূলত একটি ফেরতযোগ্য আর্থিক নিশ্চয়তা, যার উদ্দেশ্য হলো ভিসার শর্ত লঙ্ঘন, বিশেষ করে অনুমোদিত সময়ের বেশি যুক্তরাষ্ট্রে অবস্থান বা ‘ওভারস্টে’ প্রতিরোধ করা। প্রতিবছর যুক্তরাষ্ট্র বিপুলসংখ্যক পর্যটক, শিক্ষার্থী ও কর্মীকে নন-ইমিগ্র্যান্ট ভিসা প্রদান করলেও, ওভারস্টে ঝুঁকি কমাতে এবার আরও কঠোর নীতি গ্রহণ করা হলো।

কী-ওয়ার্ডস:ভিসা বন্ড,যুক্তরাষ্ট্র ভিসা,বাংলাদেশ-যুক্তরাষ্ট্র


এ জাতীয় আরো খবর