আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাতিল হওয়া প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় নির্বাচন কমিশনে (ইসি) আপিলের সংখ্যা দ্রুত বাড়ছে। দ্বিতীয় দিনে ইসিতে জমা পড়েছে ১২২টি আপিল আবেদন। এর আগে প্রথম দিনে জমা হয়েছিল ৪২টি আবেদন। সব মিলিয়ে এখন পর্যন্ত মোট আপিলের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৪টি।
মঙ্গলবার (৬ জানুয়ারি) নির্বাচন কমিশনের আইন শাখার সিনিয়র সহকারী সচিব মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বিভিন্ন আসনের প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করছেন।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৯ জানুয়ারি পর্যন্ত আপিল আবেদন গ্রহণ চলবে। এরপর ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত আপিলগুলোর শুনানি ও নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি।
তফসিল অনুযায়ী, ২১ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পাশাপাশি প্রতীক বরাদ্দ দেবেন। এরপর ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হবে, যা চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি।
ইসি সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যেই সব আপিল নিষ্পত্তি করে নির্বাচনী কার্যক্রম সময়সূচি অনুযায়ী এগিয়ে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
কী-ওয়ার্ডস: সংসদ নির্বাচন, ইসি আপিল, প্রার্থিতা বাতিল