দুঃসময়ের কথা ভেবে দাঁতে দাঁত চেপে
শত্রুর প্রশংসায় পঞ্চমুখ হও,
অভিনয় করে হলেও নতজানু হও
প্রাণ ভিক্ষা চাও করুণ চোখে, করজোড়ে,
জাতশত্রুর পাথর হৃদয়ও দয়ার্দ্র হবে তাতে।
বিজেতা ও বিজিতের স্থান নির্ধারিত সব কালেই
তুমি বিজিত তাই দৃশ্যমান কারা প্রকোষ্ঠ
যে আঁধারে ধ্বনিত হয় জল্লাদের ক্রুর অট্টহাসি
খড়্গ সমুন্নত থাকে সদা শিরশ্ছেদে।
কোনো যুদ্ধে ক্ষমাসুন্দর চোখ থাকতে নেই
শত্রুর প্রতি অনুকম্পা দেখাতে নেই,
নিষ্ঠুর যে তারই ইতিহাস রচিত হয় কালের পাতায়
তারই গুণকীর্তন গায় আকাশ-বাতাসে।
বিশ্বাসহন্তা যে, তারই হাতের ক্রীড়নক রাজনীতি
বিশ্বাসী আস্তিনে লুকানো দ্বিচারী খঞ্জর
একধারে ক্ষমতার মোহ অন্যধারে ক্রোধানল
দুই-ই বিদ্বেষী, সুযোগে চালাতে হয় কারো বুকে
তবেই তো মসনদ, সুরা সাকি, তবেই কুর্নিশ জোটে।