শনিবার, মে ২, ২০২৬

এক নক্ষত্রের বিদায়,গণতন্ত্রকামী মানুষের প্রাণস্পন্দনের মহাপ্রস্থান-গোলাম সারোয়ার মিলন

  • মৃধা মোঃ আল আমিন
  • ২০২৫-১২-৩১ ১৯:১৪:০৫

আজ ৩১ ডিসেম্বর ২০২৫ আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জানাজায় লক্ষ লক্ষ মানুষ অশ্রুসিক্ত নয়নে তাদের প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানান।
নামাজে জানাজায় অংশগ্রহণ করেন জনতা পার্টি বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ)-এর প্রধান সমন্বয়ক গোলাম সারোয়ার মিলন, জেপিবির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ওয়ালিউর রহমান খান, অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ, এম. এ. ইউসুফ, ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আসাদুজ্জামান, তৃণমূল বিএনপির মহাসচিব মেজর (অব.) ডা. হাবিবুর রহমান, জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজু, জেপিবির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ সোলায়মান প্রমুখ। 
জানাজা শেষে গোলাম সারোয়ার মিলন বলেন,“বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বেগম খালেদা জিয়া ছিলেন একটি উজ্জ্বল নক্ষত্র। জেল-জুলুম ও নির্যাতনের শিকার, কোনো কিছুই তাকে গণতন্ত্রের পথ থেকে বিচ্যুত করতে পারেনি। তিনি যা করেছেন, সবই জনগণের কল্যাণে। কোনো মোহ বা স্বার্থ তাকে আচ্ছন্ন করতে পারেনি। আজ লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিই তার প্রমাণ।”
জেপিবির ভারপ্রাপ্ত মহাসচিব মোঃ আসাদুজ্জামান বলেন,“তিনি কখনো দেশ ও জনগণের বিরুদ্ধে যায়-এমন কোনো রাজনৈতিক অবস্থান নেননি। সে কারণেই তিনি আপোষহীন দেশনেত্রী। তার জীবন ও কর্ম এ দেশের মানুষের হৃদয়ে দীর্ঘকাল অনুরণিত হবে।”
নেতৃবৃন্দ এই মহাপ্রাণ নেত্রীর মহাপ্রয়াণে গভীর শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

 


এ জাতীয় আরো খবর