সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার আগে সংক্ষিপ্ত কিন্তু হৃদয়স্পর্শী বক্তব্য দেন তাঁর জ্যেষ্ঠ সন্তান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জানাজা শুরুর আগে তিনি দেশবাসীর কাছে তাঁর মায়ের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করেন।
বক্তব্যে তারেক রহমান বলেন, তিনি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান। খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাঁর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান তিনি। এ ধরনের যেকোনো দায় পরিশোধের দায়িত্ব তিনি নিজে নেবেন বলে আশ্বাস দেন।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার কোনো কথা, আচরণ বা ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তবে মরহুমার পক্ষ থেকে তিনি সবার কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছেন।
তারেক রহমান দেশবাসীর উদ্দেশে বলেন, সবাই যেন তাঁর মায়ের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাত নসিব করেন-এই দোয়া করেন।
এরপর রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে লাখো মানুষের অংশগ্রহণে বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক জানাজায় ইমামতি করেন।
জানাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিদেশি অতিথি, রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন।
কী-ওয়ার্ডস:তারেক রহমান বক্তব্য,খালেদা জিয়ার জানাজা,ক্ষমা ও দোয়ার আবেদন