বুধবার, ফেব্রুয়ারী ১১, ২০২৬

মা নি ক পা ল

  • ভাঙা ঘড়ির সময়
  • ২০২৫-১২-৩১ ১৫:০৩:৪৮

সকালে ঘড়িটা
ঠিক সময় দেখায় না--
তবু অফিসের ফটক খোলে,
আদালতে হাজিরা পড়ে,
বাজারের দর ঠিক হয়
এই ভুল সময় ধরেই।

চায়ের টেবিলে দেশ নিয়ে কথা হয়--
চিনি দ্রুত গলে যায়,
কথাগুলো
কাপে নামানোর আগে
বারবার নেড়ে দেখা হয়।

রাস্তায় মানুষ জমে,
কারণ সবার জানা--
কিন্তু সেই কারণ
উচ্চারণের আগে
চারপাশ একবার দেখে নিতে হয়।

একটি জানালা
দিনভর খোলা থাকে,
বাতাস ঢোকে,
খবর ঢোকে
ছাঁকনি পেরিয়ে।

নদী আগের পথেই বয়ে চলে,
পরিচয় বদলায়--
নথিতে নতুন নাম,
জলে পুরোনো স্রোত
চুপ করে বহে।

একটি কাগজ
বারবার ভাঁজ করা হয়--
শেষে বোঝা যায়,
এ দিকনির্দেশ নয়,
এ নির্দেশনা।

রাতে আলো জ্বলে থাকে,
ঘুম আসে না--
কারণ ঘুম
আজকাল
অসতর্কতার সমার্থক।

ভোরের আগে
ঘড়িটা আবার থেমে যায়,
কেউ ঠিক করতে আসে না--
কারণ
ভুল সময়ের সঙ্গে
এখন সবাই
চলতে শিখে গেছে।


এ জাতীয় আরো খবর