মঙ্গলবার, মে ২৬, ২০২৬

শেষ বিদায়ে খালেদা জিয়া: স্মৃতি, শ্রদ্ধা আর অশ্রুতে চিরনিদ্রার পথে

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-৩১ ০৯:৩৯:২৮
ছবি: সংগৃহীত।

বাংলাদেশের রাজনীতির এক যুগের অবসান ঘটিয়ে শেষ বিদায়ের পথে এগিয়ে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। স্বজন, দলীয় নেতাকর্মী এবং সাধারণ মানুষের গভীর ভালোবাসা ও অশ্রুসিক্ত শ্রদ্ধার মধ্য দিয়ে তাঁর মরদেহ প্রিয় মানুষ ও স্মৃতিবহ স্থানগুলো ঘুরে চিরনিদ্রার পথে যাত্রা করেছে।
বুধবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে লাল-সবুজ পতাকায় মোড়ানো গাড়িতে করে বেগম খালেদা জিয়ার মরদেহ নেওয়া হয় গুলশানের বাসভবন ‘ফিরোজা’য়। সেখানে পরিবারের সদস্য, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও অসংখ্য নেতাকর্মী তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানান।
পরে মরদেহ নেওয়া হয় তাঁর জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুলশানের বাসভবনে। সেখানে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের আবেগঘন বিদায়ের দৃশ্য সৃষ্টি হয়।
দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ এলাকায় জানাজার আয়োজন করা হয়েছে। জানাজা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে রাজধানীসহ সারাদেশে নেমে এসেছে শোকের ছায়া। জানাজায় অংশ নিতে ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতাকর্মীরা ঢাকায় জড়ো হতে থাকেন। দলীয় কার্যালয়গুলোতে উত্তোলন করা হয়েছে কালো পতাকা, পরিবেশজুড়ে বিরাজ করছে নিস্তব্ধতা ও শূন্যতা।
জানাজা ও দাফন উপলক্ষে গুলশান, সংসদ ভবন এলাকা ও আশপাশে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরাও শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন বলে জানা গেছে।
উল্লেখ্য, মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্ম নেওয়া এই আপসহীন নেত্রী ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের অন্যতম নির্বাচিত নারী সরকারপ্রধান।

কী-ওয়ার্ডস:খালেদা জিয়া,শেষ বিদায়,রাষ্ট্রীয় জানাজা


এ জাতীয় আরো খবর