মঙ্গলবার, মে ২৬, ২০২৬

আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকাল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-৩০ ০৯:৫৮:৩৩
ফাইল ছবি

বাংলাদেশের রাজনীতির এক প্রভাবশালী অধ্যায় আজ সমাপ্ত হলো। জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। মঙ্গলবার ভোর ছয়টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
সকাল সোয়া ৯টায় এভারকেয়ার হাসপাতালে এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিষয়টি নিশ্চিত করেন। আবেগাপ্লুত কণ্ঠে তিনি বলেন, দল ও জাতি আশা করেছিল তিনি আবারও সুস্থ হয়ে উঠবেন, কিন্তু শেষ পর্যন্ত জাতির এই অভিভাবক সবাইকে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলেন।
মৃত্যুর সময় তাঁর পাশে ছিলেন জ্যেষ্ঠ পুত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের পাশাপাশি দলের শীর্ষ নেতারা এবং চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরাও উপস্থিত ছিলেন।
দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ একাধিক জটিল রোগে ভুগছিলেন। সাম্প্রতিক সময়ে হৃদ্‌যন্ত্র ও ফুসফুসে সংক্রমণ ধরা পড়লে গত ২৩ নভেম্বর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। দেশ-বিদেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড সর্বাত্মক চেষ্টা চালালেও শেষ রক্ষা হয়নি।
বাংলাদেশের রাজনীতিতে তিনি ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত ছিলেন। তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা এই নেত্রী ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের অন্যতম নির্বাচিত নারী সরকারপ্রধান। রাজনৈতিক জীবনে মামলা, কারাবাস, দমন-পীড়ন ও ব্যক্তিগত শোক-সবকিছু অতিক্রম করেও তিনি দীর্ঘদিন সক্রিয় ছিলেন রাজনীতির কেন্দ্রবিন্দুতে।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্ম নেওয়া খালেদা জিয়া ১৯৮০-এর দশকে বিএনপির নেতৃত্বে উঠে আসেন এবং দলকে একটি প্রধান রাজনৈতিক শক্তিতে রূপ দেন। তাঁর নেতৃত্বে বিএনপি একাধিক জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে নেমে এসেছে গভীর শোক। তাঁর ইন্তেকালে বাংলাদেশের রাজনীতিতে সৃষ্টি হলো এক অপূরণীয় শূন্যতা।

কী-ওয়ার্ডস:খালেদা জিয়া ইন্তেকাল,বিএনপি চেয়ারপারসন,বাংলাদেশ রাজনীতি


এ জাতীয় আরো খবর