মঙ্গলবার, মে ২৬, ২০২৬

থাই ভূখণ্ডে কম্বোডিয়ার শতাধিক ড্রোন অনুপ্রবেশ, সীমান্ত চুক্তি নিয়ে উদ্বেগ

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-২৯ ২২:২৬:৪৫
ছবি: সংগৃহীত।

কম্বোডিয়ার প্রায় আড়াইশ ড্রোন থাইল্যান্ডের আকাশসীমা অতিক্রম করে দেশটির ভূখণ্ডে প্রবেশ করেছে বলে জানিয়েছে থাই সেনাবাহিনী। সোমবার (২৯ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, রোববার রাতের অন্ধকারে হঠাৎ করেই এসব ড্রোন সীমান্ত এলাকায় অনুপ্রবেশ করে।
মাত্র কয়েক দিন আগে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে প্রাণঘাতী সীমান্ত সংঘাত বন্ধে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে, এই ঘটনাকে সেই চুক্তির স্থায়িত্বের জন্য উদ্বেগজনক বলে মনে করছে থাই কর্তৃপক্ষ। শনিবার হওয়া ওই চুক্তিতে উভয় দেশ সীমান্তে সংঘর্ষ বন্ধ রাখা এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদে নিজ নিজ এলাকায় ফেরত পাঠানোর বিষয়ে একমত হয়। একই সঙ্গে থাইল্যান্ড জুলাই মাসে আটক ১৮ জন কম্বোডিয়ান সৈন্যকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।
ড্রোন অনুপ্রবেশের ঘটনায় কম্বোডিয়ার পররাষ্ট্রমন্ত্রী প্রাক সকোন একে সীমান্ত সংক্রান্ত ‘তুচ্ছ ঘটনা’ হিসেবে উল্লেখ করে তদন্তের আশ্বাস দিয়েছেন। তবে থাইল্যান্ডের সেনাবাহিনীর মুখপাত্র উইনথাই সুভারি এই ঘটনাকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছেন। তার মতে, এমন কর্মকাণ্ড সীমান্তে অবস্থানরত সৈন্য ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।
তিনি আরও সতর্ক করে বলেন, কম্বোডিয়ার ভবিষ্যৎ আচরণের ওপর নির্ভর করে আটক কম্বোডিয়ান সৈন্যদের মুক্তির সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে। এই ঘটনার পর দুই দেশের মধ্যে সদ্য হওয়া সমঝোতা কতটা কার্যকর থাকবে, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

কী-ওয়ার্ডস:থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত,ড্রোন অনুপ্রবেশ,সীমান্ত চুক্তি


এ জাতীয় আরো খবর