ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেছেন, রাজ্যবাসীকে আর হেনস্থা করা হলে তা মেনে নেওয়া হবে না। সোমবার দুর্গা অঙ্গনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি বলেন, অনেক দিন ধরে ধৈর্য ধরে সহ্য করা হচ্ছে, কিন্তু সহ্যেরও একটি সীমা রয়েছে।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। তার অভিযোগ, অস্বাভাবিক দ্রুততার সঙ্গে এসআইআর পরিচালনার ফলে সাধারণ মানুষ, বিশেষ করে বয়স্ক ও অসুস্থ ভোটারদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে।
শনিবার থেকে রাজ্যে এসআইআরের দ্বিতীয় ধাপের শুনানি শুরু হয়েছে। এই ধাপে ‘ম্যাপিং’-এর বাইরে থাকা ভোটারদের ডেকে নথিপত্র যাচাই করা হচ্ছে। তবে শুনানি কেন্দ্রগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা, পর্যাপ্ত ব্যবস্থার অভাব এবং মানবিক আচরণের ঘাটতি নিয়ে অভিযোগ উঠেছে। কোথাও কোথাও অসুস্থ ও বয়স্কদের অ্যাম্বুলেন্সে করে শুনানিতে হাজির হওয়ার ঘটনাও সামনে এসেছে।
মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, শুনানি পর্ব চলাকালীন অতিরিক্ত কাজের চাপের কারণে একাধিক বিএলওর মৃত্যু ও আত্মহত্যার ঘটনা ঘটেছে। তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং এটি একটি অমানবিক ব্যবস্থারই প্রতিফলন।
মুখ্যমন্ত্রী আরও বলেন, মানুষের অধিকার রক্ষায় রাজ্য সরকার লড়াই চালিয়ে যাবে। নির্বাচন প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে ভয় দেখানো বা হেনস্থা করলে তার বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরদার হবে বলেও ইঙ্গিত দেন তিনি।
কী-ওয়ার্ডসঃমমতা বন্দ্যোপাধ্যায়,ভোটার তালিকা সংশোধন,নির্বাচন কমিশন