আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের সময়সীমা আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সূচির বাইরে নতুন করে সময় বৃদ্ধির কোনো সিদ্ধান্ত নেই।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী সোমবারই ছিল রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এর পর থেকে তফসিল অনুযায়ী পরবর্তী কার্যক্রম শুরু হবে।
এর আগে গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামীকাল ৩০ ডিসেম্বর থেকে রিটার্নিং কর্মকর্তারা মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু করবেন, যা চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
নির্বাচন কমিশন গত ১৮ ডিসেম্বর তফসিল সংশোধন করে একটি প্রজ্ঞাপন জারি করে। এতে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময়সীমা দুই দিন কমানো হলেও আপিল নিষ্পত্তির সময় দুই দিন বাড়ানো হয়।
সংশোধিত তফসিল অনুযায়ী, ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল দায়ের করা যাবে এবং ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে এসব আপিল নিষ্পত্তি করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি।
সবশেষে আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
কী-ওয়ার্ডসঃ ত্রয়োদশ সংসদ নির্বাচন,মনোনয়নপত্র,নির্বাচন কমিশন