রবিবার, মে ৩১, ২০২৬

ইয়েমেনে বিচ্ছিন্নতাবাদীদের সরে যেতে আল্টিমেটাম সৌদি আরবের, প্রয়োজনে সামরিক পদক্ষেপের ইঙ্গিত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-২৮ ০৯:১৩:১৬
ছবি: সংগৃহীত।

ইয়েমেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে সাম্প্রতিক দখলকৃত এলাকা থেকে শান্তিপূর্ণভাবে সরে যেতে বিচ্ছিন্নতাবাদী বাহিনীগুলোর প্রতি কঠোর আহ্বান জানিয়েছে সৌদি আরব। একই সঙ্গে রিয়াদ সতর্ক করে বলেছে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে তারা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের পাশে দাঁড়িয়ে সামরিক পদক্ষেপ নিতেও প্রস্তুত।
শনিবার রিয়াদ থেকে প্রকাশিত এক বিবৃতিতে সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, বেসামরিক নাগরিকদের জীবন ও সম্পদ সুরক্ষায় ‘উপযুক্ত সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা’ নেওয়া হবে। এই বক্তব্য আসে হাজরামাউত প্রদেশে বিচ্ছিন্নতাবাদীদের অবস্থানে সৌদি বিমান হামলার খবরে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ার একদিন পর।
সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বলেন, সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের (এসটিসি) নিয়ন্ত্রণে যাওয়া দুটি প্রদেশ অবিলম্বে সরকারের কাছে শান্তিপূর্ণভাবে হস্তান্তর করা উচিত। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সংঘাত বাড়ালে তা গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীল করে তুলবে।
এর আগে এসটিসি দাবি করে, সৌদি হামলা সত্ত্বেও তাদের অগ্রযাত্রা থামেনি। গত কয়েক সপ্তাহে তারা হাজরামাউত ও মাহরাহ প্রদেশের বড় অংশ নিজেদের নিয়ন্ত্রণে নেয়। যদিও সাম্প্রতিক বিমান হামলায় হতাহতের কোনো খবর নিশ্চিত হয়নি।
সংযুক্ত আরব আমিরাতের সমর্থনপুষ্ট এসটিসি মূলত সাবেক স্বাধীন দক্ষিণ ইয়েমেন পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে কাজ করছে। বিশ্লেষকদের মতে, এতে ইয়েমেন সরকারের প্রধান মিত্র সৌদি আরব কৌশলগতভাবে চাপের মুখে পড়েছে। লন্ডনভিত্তিক থিঙ্কট্যাঙ্ক চ্যাথাম হাউসের গবেষক ফারেয়া আল-মুসলিমি বলেন, এসটিসির সাম্প্রতিক পদক্ষেপ সৌদি আরবের ‘লাল রেখা’ অতিক্রম করেছে এবং পরিস্থিতি আরও সংঘাতমুখী হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, টেকসই সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখা জরুরি। একই সময়ে ইয়েমেন সরকার হাজরামাউতে নিজেদের বাহিনীকে সহায়তা দিতে সৌদি নেতৃত্বাধীন জোটের প্রতি আহ্বান জানিয়েছে।
ইয়েমেনি সামরিক সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় প্রায় ১৫ হাজার সৌদি-সমর্থিত যোদ্ধা অবস্থান নিলেও এখনো বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অঞ্চলে অগ্রসর হওয়ার নির্দেশ দেওয়া হয়নি।
সাম্প্রতিক এই উত্তেজনা ইয়েমেন সংকটে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার সূক্ষ্ম কৌশলগত ভারসাম্যকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। যদিও উভয় দেশই ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে যৌথ অবস্থান বজায় রাখার চেষ্টা করছে।

কী ওয়ার্ডস:ইয়েমেন সংকট,সৌদি আরব,এসটিসি


এ জাতীয় আরো খবর