দীর্ঘদিনের যুদ্ধাবস্থার অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত ২০ দফা শান্তি পরিকল্পনা এবং ইউক্রেনের ভবিষ্যৎ নিরাপত্তা নিশ্চয়তা-এই দুই বিষয়ই আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে থাকছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার ফ্লোরিডায় দুই নেতার মধ্যে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে। এর আগে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে একাধিক আলোচনা করেন জেলেনস্কি। এসব বৈঠক থেকে ‘বাস্তব শান্তির দিকে এগোনোর’ নতুন কিছু ধারণা উঠে এসেছে বলে মন্তব্য করেন তিনি।
মার্কিন প্রতিনিধিদের সঙ্গে প্রায় এক ঘণ্টার ফোনালাপের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জেলেনস্কি জানান, শান্তি প্রতিষ্ঠার কাঠামো, আলোচনার সময়সূচি এবং বৈঠকের ধরন নিয়ে অগ্রগতি হয়েছে। তার দাবি, প্রস্তাবিত শান্তি পরিকল্পনার কাজ প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে এবং নতুন বছরের আগেই এটি চূড়ান্ত করার লক্ষ্য রয়েছে।
প্রস্তাবিত ২০ দফা পরিকল্পনায় ইউক্রেনের পূর্বাঞ্চলের কিছু এলাকা থেকে সেনা প্রত্যাহার এবং সেখানে একটি অসামরিক অঞ্চল গঠনের কথা বলা হয়েছে। তবে জেলেনস্কির ভাষ্য অনুযায়ী, যেসব এলাকা থেকে সেনা প্রত্যাহার করা হবে, সেখানে নিরাপত্তার দায়িত্ব থাকবে ইউক্রেনীয় পুলিশের হাতে। পাশাপাশি ভবিষ্যতে রাশিয়া আবার আক্রমণ করলে যুক্তরাষ্ট্র, ন্যাটো ও ইউরোপীয় দেশগুলোর সমন্বিত সামরিক প্রতিক্রিয়ার নিশ্চয়তাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে দেখা হচ্ছে।
অন্যদিকে, এই শান্তি পরিকল্পনা নিয়ে মস্কো ও কিয়েভের অবস্থান এখনও দূরত্বপূর্ণ। রাশিয়ার জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনাধীন প্রস্তাব ইউক্রেনের দাবির সঙ্গে মৌলিকভাবে ভিন্ন। যদিও আলোচনা প্রক্রিয়ায় ‘ধীর কিন্তু স্থির অগ্রগতি’র কথা বলা হচ্ছে, দনবাস অঞ্চল থেকে সেনা প্রত্যাহারের বিষয়ে রাশিয়া এখনো স্পষ্ট অবস্থান নেয়নি।
এদিকে জেলেনস্কি ইঙ্গিত দিয়েছেন, রাশিয়া যে দনবাস অঞ্চল দখলে নিতে পারেনি, সেখানে একটি নিরস্ত্রীকৃত ‘ফ্রি ইকোনমিক জোন’ গঠনের বিষয়টিও আলোচনায় আসতে পারে। একইসঙ্গে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপদেষ্টারাও। রাশিয়ার পক্ষ থেকে সাম্প্রতিক আলোচনা ইতিবাচক বলে উল্লেখ করা হলেও, কিয়েভের বিরুদ্ধে আলোচনা বাধাগ্রস্ত করার অভিযোগ তোলা হয়েছে।
কী-ওয়ার্ডস:ট্রাম্প-জেলেনস্কি বৈঠক,ইউক্রেন শান্তি পরিকল্পনা,রাশিয়া-ইউক্রেন যুদ্ধ