মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

সাফ ফুটসাল সামনে রেখে নারী-পুরুষের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা, ফিরছেন সাবিনা

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১২-২৩ ২২:৪৯:৩৬
ছবি: সংগৃহীত।

আগামী ১৩ ও ১৪ জানুয়ারি থাইল্যান্ডে শুরু হতে যাচ্ছে সাফ নারী ও পুরুষ ফুটসাল টুর্নামেন্ট। দুই বিভাগেই অংশ নেবে বাংলাদেশ। এই উপলক্ষে মঙ্গলবার নারী ও পুরুষ উভয় দলের চূড়ান্ত ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
নারী ফুটসাল দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবিনা খাতুন। জাতীয় নারী ফুটবলের দীর্ঘদিনের এই অধিনায়ক কোচ পিটার বাটলারের সঙ্গে মতবিরোধের কারণে মূল দলে না থাকলেও ফুটসালের মাধ্যমে আবার আন্তর্জাতিক অঙ্গনে ফিরছেন। সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে সুমাইয়া মাতসুশিমাকে। দুজনেরই বিদেশে ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে।
নারী দলে আরও ফিরেছেন জাতীয় দলের সাবেক নির্ভরযোগ্য খেলোয়াড় মার্জিয়া ও মিসরাত জাহান মৌসুমী। দীর্ঘদিন জাতীয় দলের ক্যাম্পের বাইরে থাকলেও এবার তারা ফুটসালের চূড়ান্ত দলে জায়গা করে নিয়েছেন। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০১৮ সালের পর সাত বছর বিরতির পর আবার আন্তর্জাতিক ফুটসাল মঞ্চে ফিরছে বাংলাদেশের নারী দল, এবারও নেতৃত্বে সাবিনা খাতুন।
ঘোষিত নারী স্কোয়াডে রয়েছেন সাবিনা খাতুন, মাতসুশিমা সুমাইয়া, মাসুরা পারভীন, কৃষ্ণা রানী সরকার, লিপি আক্তার, মেহেনুর আক্তার, রাত্রি মনি, সুমি খাতুন, নওসিন জাহান, নিলুফা ইয়াসমিন নীলা, মিসরাত জাহান মৌসুমী, মার্জিয়া, সাথী বিশ্বাস, ইতি রানী ও স্বপ্না আক্তার জুলি।
পুরুষ ফুটসাল দলে বড় কোনো পরিবর্তন নেই। আগের এশিয়ান ফুটসাল বাছাইপর্বে নেতৃত্ব দেওয়া রাহবার খান এবারও অধিনায়ক হিসেবে থাকছেন। দলে আগের সাফ টুর্নামেন্টে খেলা একাধিক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছেন। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন ইংল্যান্ড প্রবাসী ইমান আলম।
সাফ ফুটসালে দুই বিভাগেই ভালো পারফরম্যান্সের লক্ষ্য নিয়ে থাইল্যান্ড যাচ্ছে বাংলাদেশ দল।

কীওয়ার্ডসঃসাফ ফুটসাল,সাবিনা খাতুন,বাংলাদেশ ফুটবল


এ জাতীয় আরো খবর