বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

হাইব্রিড পোস্টাল ভোট বিশ্বে উদাহরণ হবে: সিইসি এ এম এম নাসির উদ্দিন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-২২ ১৮:৩১:৪৬
ছবি: সংগৃহীত।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, দেশে প্রথমবারের মতো চালু হওয়া হাইব্রিড পোস্টাল ভোট ব্যবস্থা ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে একটি অনুসরণযোগ্য মডেল হিসেবে বিবেচিত হবে। অনলাইন রেজিস্ট্রেশনের সঙ্গে ম্যানুয়াল পোস্টাল ব্যালট সংগ্রহের এই সমন্বিত পদ্ধতি বিশ্বের বিভিন্ন দেশের জন্য আদর্শ হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে পোস্টাল ব্যালটের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
সিইসি জানান, এই প্রথমবার প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি করা হয়েছে। তিনি বলেন, গত ৫৪ বছরে যেটা কখনো সম্ভব হয়নি, সেই উদ্যোগ বাস্তবায়নের পথে নির্বাচন কমিশন এগিয়ে এসেছে। জনগণের প্রতি প্রধান উপদেষ্টার দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নেই কমিশন কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এই ভোটিং ব্যবস্থা আরও উন্নত ও বিস্তৃত হবে বলে আশা প্রকাশ করে সিইসি বলেন, ভবিষ্যতের নির্বাচনে এর আওতা ও কার্যকারিতা আরও বাড়ানো হবে।
পদ্ধতিটি চালু করতে গিয়ে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এসব চ্যালেঞ্জ সঠিকভাবে সমাধানের লক্ষ্যে দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে কাজ করা হয়েছে। এ কাজে দেশ-বিদেশের বিশেষজ্ঞ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং আন্তর্জাতিক আইসিটি প্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়া হয়েছে। ইউএনডিপি ও আইএফএসসহ বিভিন্ন কনসালট্যান্টের সহযোগিতায় সমস্যা চিহ্নিত করে তা সমাধান করা হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন সিইসি। তিনি জানান, আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের বিষয়ে সবাই একমত হয়েছেন।
তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারের কার্যক্রম সন্তোষজনক উল্লেখ করে তিনি বলেন, কর্মীরা অত্যন্ত উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে কাজ করছেন এবং দেশের জন্য অবদান রাখতে পেরে তারাও গর্বিত।
সিইসি আরও বলেন, ভোট হবে উৎসবমুখর পরিবেশে। নির্বাচন কমিশনের প্রতি জনগণের যে আস্থা রয়েছে, তা ভবিষ্যতে আরও দৃঢ় হবে।
এ পর্যন্ত প্রায় ৫ লাখ ৭৫ হাজার ভোটার পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন জানিয়ে তিনি বলেন, রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হতে আরও তিন দিন বাকি রয়েছে এবং এই সময়ে সংখ্যা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।
পরিদর্শনকালে সিইসির সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কী ওয়ার্ডসঃহাইব্রিড পোস্টাল ভোট,প্রবাসী ভোটাধিকার,ত্রয়োদশ সংসদ নির্বাচন


এ জাতীয় আরো খবর