মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ ও স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের নামাজে জানাজায় অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর বিমান বাহিনী ঘাঁটি বাশারে মরহুম এ কে খন্দকারের জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজার আগে বীর মুক্তিযোদ্ধা এ কে খন্দকারকে রাষ্ট্রীয় মর্যাদায় ফিউনারেল প্যারেডের মাধ্যমে সম্মান জানানো হয়। এ সময় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাগণ, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধানসহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা নিবেদন করেন। পর্যায়ক্রমে মুক্তিযুদ্ধবিষয়ক উপদেষ্টা ফারুক-ই-আজম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পুষ্পস্তবক অর্পণ করেন।
এ কে খন্দকারের প্রতি সম্মান জানিয়ে পরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি ফ্লাই পাস্ট অনুষ্ঠিত হয়। জানাজার আগে মরহুমের পুত্র জাফরুল করিম খন্দকার সংক্ষিপ্ত বক্তব্য দেন।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বীর-উত্তম খেতাবপ্রাপ্ত এ কে খন্দকার শনিবার সকালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং পরবর্তীতে রাষ্ট্রীয় দায়িত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তাঁর সাহসী নেতৃত্ব, কৌশলগত প্রজ্ঞা ও সংগঠনিক দক্ষতা স্বাধীনতার সংগ্রামকে দৃঢ় ভিত্তি দেয়। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ কে খন্দকার একজন অনন্য সেনানী ও রাষ্ট্রনায়ক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন।
কীওয়ার্ডসঃ:এ কে খন্দকার,রাষ্ট্রীয় জানাজা,মুক্তিযুদ্ধ