ফুটবলের পর ক্রিকেটেও শক্ত অবস্থান গড়তে নতুন পরিকল্পনা নিয়েছে সৌদি আরব। স্বল্প সময়ের মধ্যে প্রতিযোগিতামূলক দল তৈরির লক্ষ্যে উপমহাদেশ ও পার্শ্ববর্তী দেশগুলো থেকে ক্রিকেটার এনে নাগরিকত্ব দিয়ে খেলানোর উদ্যোগ নিয়েছে দেশটি। এই পরিকল্পনার অংশ হিসেবে বাংলাদেশ থেকে ক্রিকেটার ও কোচ চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে প্রস্তাব পাঠায় সৌদি আরবের ক্রিকেট বোর্ড।
আন্তর্জাতিক গণমাধ্যম ক্রিকবাজের প্রতিবেদনে জানানো হয়, সৌদি আরবের এই প্রস্তাব গ্রহণ করেনি বিসিবি। দেশটির ‘ভিশন ২০৩০’ কর্মসূচির আওতায় ক্রিকেটে ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে দ্রুত উন্নতির লক্ষ্য নিয়ে এগোচ্ছে সৌদি আরব। সেই লক্ষ্য বাস্তবায়নে বিদেশি ক্রিকেটারদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে নাগরিকত্ব দিয়ে সৌদি জার্সিতে খেলানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে খেলোয়াড় ও কোচ চাওয়ার বিষয়টি নিশ্চিত করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, সৌদি আরব প্রায় দুই মাস আগে তার সঙ্গে যোগাযোগ করেছিল। পুরুষ ও নারী ক্রিকেটারদের পাশাপাশি কোচও চেয়েছিল তারা। তবে দেশের স্বার্থ বিবেচনায় রেখে তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।
বিসিবি সভাপতি বলেন, দেশের ক্রিকেটের ভবিষ্যৎ ও স্বার্থের বাইরে গিয়ে অন্য দেশের হয়ে খেলানোর সুযোগ করে দেওয়া সম্ভব নয়। তাই সৌদি আরবের প্রস্তাব সরাসরি নাকচ করা হয়েছে।
এরই মধ্যে লিভ গলফ, ফর্মুলা ওয়ান এবং ২০৩৪ ফিফা বিশ্বকাপ আয়োজনের স্বত্ব অর্জনের মাধ্যমে বৈশ্বিক ক্রীড়াঙ্গনে বড় বিনিয়োগ করেছে সৌদি আরব। এখন আইসিসি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কৌশলগত সহায়তায় উপসাগরীয় অঞ্চলে ক্রিকেটের নতুন কেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে এগোচ্ছে দেশটি।
কীওয়ার্ডসঃসৌদি ক্রিকেট,বিসিবি সিদ্ধান্ত,ভিশন ২০৩০