মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

হাদি হত্যাকাণ্ড: নিরপেক্ষ তদন্ত ও সহিংসতা পরিহারের আহ্বান জাতিসংঘের

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-২০ ২২:৪৬:১৫
ফাইল ছবি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড মেনে দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।
শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশে সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন মহাসচিব। তিনি সহিংসতা পরিহার, উত্তেজনা প্রশমন এবং শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনী পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দেন।
এদিকে, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক হত্যাকাণ্ডটি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হওয়ার পর শরিফ ওসমান হাদির মৃত্যু তাকে গভীরভাবে শোকাহত করেছে।
জেনেভা থেকে দেওয়া এক বিবৃতিতে ভলকার তুর্ক সতর্ক করে বলেন, প্রতিশোধ ও প্রতিহিংসার পথ সমাজে বিভাজন আরও বাড়াবে এবং সকলের মৌলিক অধিকার ক্ষতিগ্রস্ত করবে। একই সঙ্গে তিনি দ্রুত তদন্ত সম্পন্ন করে দোষীদের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।

কীওয়ার্ডসঃজাতিসংঘ প্রতিক্রিয়া,হাদি হত্যাকাণ্ড,নিরপেক্ষ তদন্ত


এ জাতীয় আরো খবর