সোমবার, জুলাই ২৭, ২০২৬

গোপনে ইসরায়েলের সঙ্গে ২৩০ কোটি ডলারের অস্ত্র চুক্তি করেছে আমিরাত: প্রতিবেদন

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-২০ ০৯:৫৮:১৭
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও ইসরায়েলের মধ্যে নীরবে ইতিহাসের অন্যতম বড় অস্ত্র চুক্তি সম্পন্ন হয়েছে বলে দাবি করেছে ফরাসি অনুসন্ধানী সংবাদমাধ্যম *ইন্টেলিজেন্স অনলাইন*। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের শীর্ষ অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের সঙ্গে প্রায় ২৩০ কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তিতে যুক্ত হয়েছে আমিরাত।
প্রতিবেদন অনুযায়ী, গত মাসে এলবিট সিস্টেমস একটি বড় অঙ্কের অস্ত্র বিক্রির ঘোষণা দিলেও তখন ক্রেতা দেশের পরিচয় প্রকাশ করা হয়নি। পরবর্তীতে বিভিন্ন সূত্র নিশ্চিত করে যে, চুক্তির ক্রেতা ছিল সংযুক্ত আরব আমিরাত। এই চুক্তির আওতায় আমিরাত এলবিটের অত্যাধুনিক ‘জে-মিউজিক’ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করছে।
জে-মিউজিক একটি লেজারভিত্তিক প্রতিরক্ষা প্রযুক্তি, যা শত্রু ক্ষেপণাস্ত্রের সেন্সর অকার্যকর করে বিমানকে হামলা থেকে সুরক্ষা দিতে সক্ষম। প্রতিবেদনে আরও বলা হয়, যৌথ উদ্যোগের অংশ হিসেবে এই প্রযুক্তি আমিরাতেই উৎপাদন করা হবে এবং এর জন্য ইতোমধ্যে ইসরায়েল সরকারের অনুমোদন পাওয়া গেছে। পুরো প্রকল্প বাস্তবায়নে প্রায় আট বছর সময় লাগতে পারে।
বিশ্লেষকদের মতে, এই চুক্তিটি ইসরায়েলের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র রপ্তানি চুক্তি। তবে চুক্তির সঙ্গে জড়িত সংবেদনশীল সামরিক প্রযুক্তির কারণে এর অনেক দিক আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।
এদিকে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অক্সফ্যাম এই চুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এসব উন্নত অস্ত্র ভবিষ্যতে মানবাধিকার লঙ্ঘনের কাজে ব্যবহৃত হতে পারে।
উল্লেখ্য, ২০২০ সালে আব্রাহাম চুক্তির মাধ্যমে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর থেকেই সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলি প্রতিরক্ষা কোম্পানিগুলোর উপস্থিতি ও কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে আলোচিত এই অস্ত্র চুক্তি নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি আমিরাত সরকার।

কীওয়ার্ডসঃআমিরাত-ইসরায়েল অস্ত্র চুক্তি,এলবিট সিস্টেমস,জে-মিউজিক প্রতিরক্ষা ব্যবস্থা


এ জাতীয় আরো খবর