অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ এবং গাজাভিত্তিক চিকিৎসকদের ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ইউরোপীয় পার্লামেন্টের সদস্য (এমইপি) মাতিয়াজ নেমেক মঙ্গলবার (১৬ ডিসেম্বর) নরওয়েজিয়ান নোবেল কমিটিতে আনুষ্ঠানিক মনোনয়ন জমা দেওয়ার পর এই তথ্য জানান।
নেমেক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাজ্যসহ ৩৩টি দেশের প্রায় ৩০০ জন যোগ্য মনোনয়নদাতা এই প্রস্তাবে স্বাক্ষর করেছেন। তার ভাষায়, এই মনোনয়ন সবচেয়ে সংকটময় পরিস্থিতিতেও মৌলিক মানবিক মূল্যবোধ রক্ষায় সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি।
তিনি বলেন, রাজনৈতিক বিভাজনের ঊর্ধ্বে উঠে শান্তি, মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই এই মনোনয়ন গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক আইন ও মানবাধিকার রক্ষায় ফ্রান্সেসকা আলবানিজের ভূমিকার প্রশংসা করে নেমেক উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের রাজনৈতিক চাপ ও নিষেধাজ্ঞার মুখেও তিনি আপসহীনভাবে নিজের দায়িত্ব পালন করে যাচ্ছেন।
নেমেক আরও বলেন, ফ্রান্সেসকা আলবানিজ আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের যে ভিত্তির কথা স্মরণ করিয়ে দেন, তা মানব ইতিহাসের অন্যতম ভয়াবহ অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা বৈশ্বিক নৈতিক কাঠামোর সঙ্গে গভীরভাবে যুক্ত।
এই মনোনয়নে গাজার চিকিৎসকরাও অন্তর্ভুক্ত হয়েছেন। তাদের মধ্যে ডা. হুসাম আবু সাফিয়া ও ডা. সারা আল-সাক্কার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। সশস্ত্র সংঘাত, অব্যাহত বোমাবর্ষণ, চিকিৎসা অবকাঠামো ধ্বংস এবং নিত্যপ্রয়োজনীয় সরঞ্জামের চরম সংকটের মধ্যেও তারা জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসাসেবা চালিয়ে যাচ্ছেন।
নেমেক বলেন, প্রতিদিন জীবন বাঁচাতে গিয়ে এসব চিকিৎসক মানবতা, সংহতি ও শান্তির আদর্শ বাস্তবে রূপ দিচ্ছেন। নোবেল শান্তি পুরস্কারের মতো স্বীকৃতির জন্য তারা নিঃসন্দেহে যোগ্য।
তিনি আরও জানান, এই বৈশ্বিক মনোনয়ন আন্তর্জাতিক সম্প্রদায় ও বিশ্ব নেতাদের প্রতি একটি স্পষ্ট বার্তা-যে কোনো পরিস্থিতিতেই আন্তর্জাতিক আইন, মানবাধিকার এবং মানব মর্যাদার প্রতি শ্রদ্ধা বজায় রাখতে হবে।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরাইলি হামলায় এ পর্যন্ত ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। আহতের সংখ্যা ছাড়িয়েছে এক লাখ ৭১ হাজার। যুদ্ধবিরতি কার্যকর থাকার পরও ইসরাইলি বাহিনীর হামলা ও লঙ্ঘনের অভিযোগ অব্যাহত রয়েছে।
কী-ওয়ার্ডস:
নোবেল শান্তি পুরস্কার
ফ্রান্সেসকা আলবানিজ
গাজা চিকিৎসক