ভূমধ্যসাগরে মাল্টার উপকূলের কাছে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ৫৯ জন বাংলাদেশি নাগরিকসহ মোট ৬১ জন অভিবাসীকে জীবিত উদ্ধার করেছে মাল্টার কোস্ট গার্ড ও উদ্ধারকারী সংস্থাগুলো। উদ্ধারকৃতদের মাল্টার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে নেওয়া হয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, নৌকাটি লিবিয়া উপকূল থেকে ইউরোপের উদ্দেশে যাত্রা শুরু করে। গত শুক্রবার সকালে যাত্রাপথে মাল্টার সার্চ অ্যান্ড রেসকিউ জোনে প্রবেশের পর নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
সংবাদ পেয়ে মাল্টার কোস্ট গার্ড দ্রুত উদ্ধার অভিযান চালায়। উদ্ধার হওয়া অভিবাসীদের মধ্যে ছয় জন হাইপোথারমিয়ায় আক্রান্ত ছিলেন। তাদের শরীরের তাপমাত্রা বিপজ্জনকভাবে কমে যাওয়ায় তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়। নৌকাডুবিতে নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের তথ্য বলছে, চলতি বছরে গত সপ্তাহ পর্যন্ত মাল্টায় পৌঁছানো অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা মাত্র ১৮৫ জন। তবে একই সময়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে পৌঁছেছেন প্রায় এক লাখ ৩৬ হাজার অভিবাসনপ্রত্যাশী। এর মধ্যে ইতালিতে পৌঁছেছেন অন্তত ৬৪ হাজার এবং গ্রিসে পৌঁছেছেন প্রায় ৪৪ হাজার মানুষ।
কী-ওয়ার্ডস:মাল্টা নৌকাডুবি,বাংলাদেশি অভিবাসী,ভূমধ্যসাগর