মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

আইপিএল নিলামে বাংলাদেশের দুই ছবি: রেকর্ড দামে মোস্তাফিজ, হতাশায় তাসকিন

  • স্পোর্টস ডেস্ক
  • ২০২৫-১২-১৬ ২১:৩৩:০৪
ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯তম আসরের নিলামে বাংলাদেশের জন্য দেখা গেছে একেবারেই ভিন্ন দুই চিত্র। একদিকে মোস্তাফিজুর রহমান গড়েছেন নতুন ইতিহাস, অন্যদিকে অবিক্রীত থেকে আবারও হতাশ হতে হয়েছে পেসার তাসকিন আহমেদকে।
২ কোটি রুপি ভিত্তিমূল্য নিয়ে নিলামে ওঠা মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। এর মাধ্যমে আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হয়ে যান তিনি। এর আগে মাশরাফী বিন মোর্ত্তজা, সাকিব আল হাসান ও লিটন দাস কলকাতার হয়ে খেললেও, এই ফ্র্যাঞ্চাইজিতে চতুর্থ বাংলাদেশি হিসেবে যুক্ত হলেন মোস্তাফিজ।
মোস্তাফিজের দল পাওয়া নিশ্চিত হওয়ার পর নিলামের টেবিলে ওঠে তাসকিন আহমেদের নাম। ৭৫ লাখ রুপি ভিত্তিমূল্যের এই ডানহাতি পেসারের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। ফলে আইপিএলে খেলার স্বপ্ন আবারও অধরাই রয়ে গেল তার।
এর আগের মৌসুমগুলোতেও তাসকিনের আইপিএল খেলা নিয়ে আলোচনা হলেও বাস্তবে কখনো দল পাননি তিনি। চলতি মৌসুমেও সেই অপেক্ষার ইতি টানতে পারলেন না বাংলাদেশের এই গতি তারকা।
বর্তমানে আন্তর্জাতিক লিগ টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তাসকিন। এখন পর্যন্ত দুই ম্যাচে ৮ ওভার বোলিং করে ৭৩ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট। এর আগে লঙ্কা প্রিমিয়ার লিগে কলম্বো স্ট্রাইকার্সের হয়ে তিন ম্যাচে ১১ ওভারে ১১৩ রান দিয়ে পেয়েছিলেন চারটি উইকেট।
আইপিএল নিলামে মোস্তাফিজের রেকর্ড গড়া সাফল্যের পাশে তাসকিনের অবিক্রীত থাকা তাই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য একসাথে আনন্দ ও হতাশার গল্প হয়ে থাকল।

কী-ওয়ার্ডস:আইপিএল নিলাম,মোস্তাফিজুর রহমান,তাসকিন আহমেদ


এ জাতীয় আরো খবর