রবিবার, অক্টোবর ৪, ২০২৬

৫৫তম বিজয় দিবসে সূর্যোদয়ের সঙ্গে শহীদদের প্রতি রাষ্ট্রপতির গভীর শ্রদ্ধা

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-১৬ ১০:১৩:২৩
ছবি: সংগৃহীত।

মহান বিজয় দিবসে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। ৫৫তম বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ভোর ৬টা ৩৪ মিনিটে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এর আগে ভোরে ঢাকায় ৩১ বার তোপধ্বনির মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিক সূচনা হয়।
পুষ্পস্তবক অর্পণের পর রাষ্ট্রপতি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে কিছু সময় নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে, যা পুরো পরিবেশকে আবেগঘন করে তোলে। পরে তিনি স্মৃতিসৌধের দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
জাতীয় স্মৃতিসৌধে পৌঁছালে সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতিকে তিন বাহিনীর প্রধানরা স্বাগত জানান। অনুষ্ঠানে আহত বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্য, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, বিদেশি কূটনীতিক, আমন্ত্রিত অতিথি এবং উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি আহত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সঙ্গে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে ৩০ লাখ শহীদের আত্মত্যাগ এবং দুই লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। পাকিস্তানি দখলদার বাহিনীর বিরুদ্ধে ঐতিহাসিক এই বিজয়ের স্মরণে প্রতিবছর ১৬ ডিসেম্বর বিজয় দিবস উদযাপন করা হয়। এ উপলক্ষে সরকারসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, শিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি পালন করছে।

কী-ওয়ার্ডস:বিজয় দিবস,জাতীয় স্মৃতিসৌধ,রাষ্ট্রপতি শ্রদ্ধা


এ জাতীয় আরো খবর