মঙ্গলবার, জানুয়ারী ১৩, ২০২৬

নিরাপত্তা জোরদার: সুপ্রিম কোর্টের এজলাসে আইনজীবী ছাড়া প্রবেশে কড়াকড়ি

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-১৫ ০৯:৩৫:২০

নিরাপত্তাজনিত উদ্বেগের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের কোর্টরুমে আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে বিচারপ্রার্থীসহ অপ্রত্যাশিত কোনো ব্যক্তির এজলাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে।
প্রধান বিচারপতির নির্দেশনায় সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের সর্বোচ্চ বিচারিক প্রতিষ্ঠান হিসেবে সুপ্রিম কোর্ট একটি অত্যন্ত সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ স্থাপনা। বিচারপতি, আইনজীবী, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে-কিছু বিচারপ্রার্থী, মামলাসংশ্লিষ্ট ব্যক্তি ও অনুমতিবিহীন লোকজন এজলাসকক্ষে প্রবেশ করছেন। এতে আদালতের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে।
এই পরিস্থিতিতে নিরাপত্তার স্বার্থে উভয় বিভাগের কোর্টরুমে আইনজীবী ছাড়া অন্যদের প্রবেশ সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, বৈধ বা অবৈধ অস্ত্র, বিস্ফোরক ও মাদক বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, আগামী ১৫ ডিসেম্বর (সোমবার) থেকে এই আদেশ কার্যকর হবে এবং ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বলবৎ থাকবে। আদেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে আইনজীবী, তাদের সহকারী, কর্মকর্তা-কর্মচারী ও বিচারপ্রার্থীদের প্রয়োজনীয় সতর্কতা ও সহযোগিতা কামনা করেছে আদালত কর্তৃপক্ষ।

কীওয়ার্ডস:সুপ্রিম কোর্ট নিরাপত্তা,এজলাসে প্রবেশ নিয়ন্ত্রণ,প্রধান বিচারপতির আদেশ


এ জাতীয় আরো খবর