বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

মূল পরিচয়ে ফিরছে ফেসবুক,বন্ধু ও কমিউনিকেশনেই নতুন করে জোর

  • ডেস্ক রিপোর্ট
  • ২০২৫-১২-১৪ ১০:১৯:৫৯

মেটা মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক আবারও তার মূল পরিচয়ে ফেরার ঘোষণা দিয়েছে। নতুন আপডেটে বন্ধুদের সঙ্গে যোগাযোগ, ছবি শেয়ার এবং মার্কেটপ্লেস ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। ব্যবহারকারীর অভিজ্ঞতা সহজ ও সরাসরি করতে নেভিগেশন বারে বন্ধু, মার্কেটপ্লেস ও রিলস-সংক্রান্ত অপশন একসঙ্গে যুক্ত করা হচ্ছে।
ফেসবুক জানিয়েছে, ছবি দেখার অভিজ্ঞতায় আনা হয়েছে বড় পরিবর্তন। ইনস্টাগ্রামের মতো এখন ছবি ডাবল-ট্যাপ করলেই লাইক দেওয়া যাবে। পাশাপাশি ছবিগুলো গ্রিড আকারে প্রদর্শিত হবে, যা একসঙ্গে একাধিক ছবি দেখাকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে। সার্চ অপশনে যুক্ত হচ্ছে ইন্টারঅ্যাকটিভ গ্রিড ডিজাইন ও ফুল-স্ক্রিন ভিউয়ার, যাতে কনটেন্ট ব্রাউজ করা আরও সহজ হয়।
কমেন্ট সেকশনেও যোগ হচ্ছে নতুন ফিচার। রিপ্লাই দেওয়া হবে আরও দ্রুত, গুরুত্বপূর্ণ মন্তব্য হাইলাইট করতে থাকবে ব্যাজ এবং নির্দিষ্ট কমেন্ট পিন করে রাখার সুবিধাও পাওয়া যাবে। এতে আলোচনা ও ইন্টারঅ্যাকশন আরও প্রাণবন্ত হবে বলে আশা করছে ফেসবুক।
এ ছাড়া ব্যবহারকারীর গোপনীয়তার দিকে নজর রেখে আগ্রহ, শখ বা ভ্রমণ-সংক্রান্ত তথ্য শেয়ার বন্ধ রাখার অপশনও যুক্ত করা হয়েছে। ফেসবুক জানিয়েছে, এই পরিবর্তনগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যে ধাপে ধাপে বিশ্বব্যাপী চালু হবে। তবে কিছু ফিচার কেবল মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের জন্য সীমিত থাকবে।

কীওয়ার্ড:ফেসবুক আপডেট,মেটা,সোশ্যাল মিডিয়া


এ জাতীয় আরো খবর