২০২৩ সালের নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত মানবাধিকারকর্মী নার্গিস মোহাম্মদিকে আবারও আটক করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। তার সঙ্গে আরও অন্তত আটজন অধিকারকর্মীকেও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছে নরওয়েজিয়ান নোবেল কমিটি।
নার্গিস মোহাম্মদি ২০২৪ সালের ডিসেম্বরে কারাগার থেকে সাময়িক মুক্তি পেয়েছিলেন। সর্বশেষ তাকে পূর্ব ইরানের মাশহাদ শহর থেকে গ্রেপ্তার করা হয়। সেখানে তিনি সম্প্রতি প্রয়াত আইনজীবী খোসরো আলিকোরদির স্মরণসভায় অংশ নিতে গিয়েছিলেন। নার্গিস মোহাম্মদির ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, আলিকোরদিকে গত সপ্তাহে তার নিজ কার্যালয়ে মৃত অবস্থায় পাওয়া যায়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন নার্গিসের ঘনিষ্ঠ সহকর্মী ও পরিচিত অধিকারকর্মী সেপিদেহ ঘোলিয়ান। তিনি এর আগে তেহরানের এভিন কারাগারে নার্গিস মোহাম্মদির সঙ্গে বন্দি ছিলেন।
ফাউন্ডেশনের দাবি, স্মরণানুষ্ঠানে অংশ নেওয়া সবাই শান্তিপূর্ণভাবে শ্রদ্ধা জানাচ্ছিলেন। তবুও তাদের আটক করা হয়েছে, যা মতপ্রকাশের স্বাধীনতা ও মৌলিক মানবাধিকারের পরিপন্থী। নার্গিসের ভাই হামিদ মোহাম্মদি অভিযোগ করেন, গ্রেপ্তারের সময় তার বোনের সঙ্গে দুর্ব্যবহার করা হয়; পায়ে আঘাত করা হয় এবং চুল ধরে টেনে নিয়ে যাওয়া হয়।
নরওয়েজিয়ান নোবেল কমিটি এক বিবৃতিতে এই গ্রেপ্তারকে নৃশংস পদক্ষেপ বলে উল্লেখ করে ইরান সরকারের কাছে অবিলম্বে নার্গিস মোহাম্মদির অবস্থান ও শারীরিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। আন্তর্জাতিক মহলেও এই ঘটনায় নতুন করে ইরানে মানবাধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগ জোরালো হচ্ছে।
কীওয়ার্ড:
নার্গিস মোহাম্মদি
ইরান মানবাধিকার
নোবেল কমিটি