বুধবার, জানুয়ারী ১৪, ২০২৬

আজ ঘোষণা হচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১২-১১ ১১:৫০:১০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই সনদ নিয়ে গণভোটের তফসিল ঘোষণা করা হবে আজ বৃহস্পতিবার। সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তার ভাষণের মধ্য দিয়েই দুই নির্বাচন একসঙ্গে আয়োজনের বিস্তারিত দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
নির্বাচন ভবনে বুধবারই সিইসির ভাষণ রেকর্ড করা হয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। এবার সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে এবং দুটি আলাদা ব্যালট ব্যবহার করা হবে। একসঙ্গে দুটি ভোটগ্রহণের কারণে সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্তও ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
আজ ঘোষিত তফসিলে মনোনয়নপত্র দাখিল, যাচাই-বাছাই, মনোনয়ন বাতিলের পর আপিলের সুযোগ, চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, প্রচারণার সময়সীমা, ভোটগ্রহণের পদ্ধতি ও গণনা–সংক্রান্ত নির্দেশনাসহ সব আনুষ্ঠানিক বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
তফসিল জারির পর থেকে সব ধরনের অনুমোদনহীন জনসমাবেশ ও বেআইনি রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে সরকার।
নির্বাচন কমিশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। চলতি বছরের ৩১ অক্টোবর পর্যন্ত যাদের বয়স ১৮ হয়েছে, তারা এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

কীওয়ার্ডস: নির্বাচন তফসিল, গণভোট, ভোটার সংখ্যা


এ জাতীয় আরো খবর