মঙ্গলবার, মে ২৬, ২০২৬

চীনে ১৫৬ মিলিয়ন ডলারের দুর্নীতিতে দোষী সাবেক কর্মকর্তা বাই তিয়ানহুইয়ের মৃত্যুদণ্ড কার্যকর

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-১০ ২২:৪৮:৫৯
ছবি: সংগৃহীত।

চীনে ব্যাপক ঘুস কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে সাবেক উচ্চপদস্থ কর্মকর্তা বাই তিয়ানহুইয়ের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। মঙ্গলবার সকালে তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি নিশ্চিত করেছে। বাই তিয়ানহুই চায়না হুয়ারং ইন্টারন্যাশনালের সাবেক জেনারেল ম্যানেজার ছিলেন।
তদন্তে জানা যায়, ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন প্রকল্পের অনুমোদন ও অর্থায়নের বিনিময়ে তিনি প্রায় ১৫৬ মিলিয়ন মার্কিন ডলার ঘুস গ্রহণ করেন। আদালত জানায়, তার এই কর্মকাণ্ড রাষ্ট্রীয় অর্থব্যবস্থা ও প্রশাসনিক স্বচ্ছতার ওপর “অত্যন্ত গুরুতর প্রভাব” ফেলেছে।
চীনের সুপ্রিম পিপলস কোর্ট রায়ে উল্লেখ করে, বাই তিয়ানহুইয়ের অপরাধের প্রকৃতি এতটাই গুরুতর যে সাধারণত দুর্নীতির মামলায় দেওয়া দুই বছরের স্থগিতাদেশও এখানে প্রযোজ্য নয়। তাই কোনো স্থগিতাদেশ ছাড়া সরাসরি মৃত্যুদণ্ড বহাল রাখা হয়। রায় কার্যকরের আগে তাকে পরিবারের সদস্যদের সঙ্গে শেষবারের মতো দেখা করার সুযোগ দেওয়া হয়।
চীনে উচ্চপর্যায়ের দুর্নীতির বিরুদ্ধে সরকারের চলমান কঠোর অভিযানের অংশ হিসেবেই এ দণ্ড কার্যকর বলে মনে করছেন বিশ্লেষকরা।

কী–ওয়ার্ডস:
চীন দুর্নীতি
বাই তিয়ানহুই
মৃত্যুদণ্ড


এ জাতীয় আরো খবর