মঙ্গলবার, মে ২৬, ২০২৬

ইইউর ১৪০ মিলিয়ন ডলারের জরিমানায় ক্ষোভ ট্রাম্পের,বললেন‘ইউরোপ ভুল পথে হাঁটছে’

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-০৯ ২২:৫৪:২৯
ছবি: সংগৃহীত।

ইউরোপীয় ইউনিয়নের আরোপিত ১৪০ মিলিয়ন ডলারের জরিমানাকে ‘জঘন্য’ বলে কঠোর সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনলাইন কনটেন্ট নীতিমালা ভঙ্গের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম এক্স-এর বিরুদ্ধে ইইউ যে বিশাল অঙ্কের জরিমানা ঘোষণা করেছে, তা নিয়ে ট্রাম্প স্পষ্ট ভাষায় প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করেন, ইউরোপ এমন নীতি গ্রহণ করছে যা উদ্ভাবন ও বাকস্বাধীনতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
হোয়াইট হাউসের ব্রিফিংয়ের পর ট্রাম্প জানান, ইলন মাস্ক তার কাছে কোনও বিশেষ সহায়তা চাননি। তবে ট্রাম্প মনে করেন, প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর এমন শাস্তিমূলক বিধান আরোপ করে ইইউ “ভুল পথে এগোচ্ছে” এবং এটি ভবিষ্যতে যুক্তরাষ্ট্র-ইউরোপ বাণিজ্য সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।
ইইউর পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে-এক্স স্বচ্ছতার নিয়ম যথাযথভাবে মানেনি, গবেষকদের প্রয়োজনীয় তথ্য দেয়নি এবং নীল টিক যাচাইকরণ ব্যবস্থায় এমন ডিজাইন ব্যবহার করেছে যা ব্যবহারকারীদের বিভ্রান্ত করতে পারে। তাদের দাবি, এসব অনিয়ম ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ) লঙ্ঘনের স্পষ্ট উদাহরণ।
এদিকে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন, এই জরিমানাকে তারা মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর অযাচিত চাপ হিসেবে দেখছেন। তবে ইউরোপীয় কমিশন জানিয়েছে, এটি কোনো ধরনের সেন্সরশিপ নয়; বরং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ডিএসএ বাস্তবায়নের অংশ হিসেবে নেওয়া নিয়মিত পদক্ষেপ।
টেক বিশ্লেষকদের মতে, এক্স-ইইউ দ্বন্দ্ব ভবিষ্যতে বৈশ্বিক প্রযুক্তি নীতিনির্ধারণে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে।

কীওয়ার্ড:
ইইউ জরিমানা
ট্রাম্প প্রতিক্রিয়া
এক্স নীতিমালা


এ জাতীয় আরো খবর