আগামী জাতীয় নির্বাচন সামনে রেখে সৎ ও নীতিবান ব্যক্তিদের নির্বাচিত করার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন। তিনি বলেন, ভোটাররা যদি দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের প্রত্যাখ্যান করেন, তাহলে দেশে দুর্নীতির মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে দুদক প্রধান কার্যালয়ে আয়োজিত মানববন্ধন ও আলোচনা অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। জাতীয় পতাকা ও দুদক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনব্যাপী কার্যক্রমের সূচনা হয়।
দুদক চেয়ারম্যান বলেন, সমাজের বিভিন্ন স্তরে দুর্নীতি এমনভাবে ছড়িয়ে পড়েছে যে এটিকে সম্পূর্ণ নির্মূল করা কঠিন। তবে তারুণ্যের নেতৃত্ব ও জনগণের সচেতন সিদ্ধান্তই দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে কার্যকর শক্তি হতে পারে। তিনি তরুণদের উদ্দেশে বলেন, “দুর্নীতিবাজদের উৎসব যেন প্রতিদিন। কিন্তু দুর্নীতির বিরুদ্ধে আমাদের উদ্যোগও হতে হবে প্রতিদিনের—একদিনের কর্মসূচি দিয়ে তাদের লাগাম টানা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, আগামী নির্বাচনে সৎ, দক্ষ ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন প্রার্থীদের জয়ী করলে দেশের সুশাসন প্রতিষ্ঠায় বড় অগ্রগতি সম্ভব। জনগণের ভোটই দুর্নীতির বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী হাতিয়ার বলে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশসহ বিশ্বের ১৯১টি দেশ আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করছে। এ বছরের প্রতিপাদ্য ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। দিবসটি উপলক্ষে দেশের ৮টি বিভাগ, ৬৪ জেলা ও ৪৯৫টি উপজেলায় বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোও নানা আয়োজন করছে।
২০০৭ সাল থেকে দুদক আনুষ্ঠানিকভাবে দিনটি পালন করছে এবং ২০১৭ সাল থেকে সরকারিভাবে জাতীয় পর্যায়ে দিবসটি উদযাপিত হচ্ছে।
কীওয়ার্ড:
দুদক
দুর্নীতি_দিবস
সৎ_প্রার্থী