মঙ্গলবার, মে ২৬, ২০২৬

আলাস্কা-ইউকন সীমান্তে ৭.০ মাত্রার ভূমিকম্প,ক্ষয়ক্ষতির খবর নেই

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-০৭ ১১:০৪:৪৫

যুক্তরাষ্ট্রের আলাস্কা অঙ্গরাজ্য ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী দুর্গম এলাকায় শক্তিশালী ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার বেলা ১১টা ৪১ মিনিটে হওয়া এই ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি সুনামি সতর্কতাও জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র ছিল আলাস্কার জুনো শহর থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর–পশ্চিমে এবং কানাডার ইউকনের হোয়াইটহর্স শহর থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার। এর পর বেশ কয়েকটি ছোট ধরনের আফটারশকও অনুভূত হয়েছে।
ঘটনার পর হোয়াইটহর্স শহরে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, স্থানীয়ভাবে অন্তত দুটি ৯১১ কল এসেছে ভূমিকম্প অনুভূত হওয়া নিয়ে। তিনি বলেন, “মানুষ এটি স্পষ্টভাবেই টের পেয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তাদের অভিজ্ঞতা জানাচ্ছেন।”
কানাডার ন্যাচারাল রিসোর্সেসের ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, সবচেয়ে বেশি কাঁপুনি অনুভূত হয়েছে যে এলাকায়, সেটি পার্বত্য ও জনবসতিহীন হওয়ায় বড় ধরনের ক্ষতির সম্ভাবনা তুলনামূলক কম। অনেকেই জানিয়েছেন ঘরের তাক বা দেয়াল থেকে জিনিসপত্র পড়ে গেছে, তবে কাঠামোগত ক্ষতির কোনো প্রমাণ এখনো পাওয়া যায়নি।
বার্ড আরও জানান, ভূমিকম্পের উপকেন্দ্রের সবচেয়ে নিকটবর্তী কানাডীয় জনবসতি হলো হেইন্স জংশন, যা প্রায় ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ইউকন ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ওই এলাকায় জনসংখ্যা ছিল মাত্র ১,০১৮ জন।
ভূমিকম্পের কেন্দ্র আলাস্কার ইয়াকুটাট শহর থেকেও প্রায় ৯১ কিলোমিটার দূরে ছিল, যেখানে ৬৬২ জন মানুষ বসবাস করেন। দুর্গম এলাকা হওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণ চলছে এবং প্রাথমিক প্রতিবেদন অনুসারে বড় কোনো বিপর্যয়ের আশঙ্কা নেই।

আলাস্কা ভূমিকম্প,ইউকন কম্পন,সুনামি সতর্কতা নেই

 


এ জাতীয় আরো খবর