বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

অ র্চ না মা লা কা র

  • কবিতার প্রেম
  • ২০২৫-১২-০৩ ২২:৫৮:৩০

নাম ! থাক না - সে তো সবার চেনা।
ধরে নাও নাম তার তুলিকা।
আঁকিবুঁকি, লেখালেখি বড়ো শখ সেই শৈশব থেকে।
বাদ সাধলো ঘরের মানুষ
সায় নেই কোনোটাতেই।
ছদ্মনামে চলে তার লেখালেখি পত্রপত্রিকায়,
মনে মনে ভাবে পতি ছাড়লে পতি পাওয়া যাবে,
কিন্তু কবিতা ছাড়লে !
যে পড়েছে কবিতার প্রেমে, সে-ই বোঝে তার মর্ম।
তুলিকা তো এর ব্যতিক্রম নয়।
দু'হাতে চেষ্টা করেছে দুটোই ধরে রাখতে,
হায়রে নারী জীবন !
কেউ কী ভেবেছে তোদের নিয়ে কখনো ?
বাবার ঘর,শ্বশুরের ঘর,স্বামী, সন্তান,
সবারই মন জুগিয়ে চলতে হয়,
কী কঠিন জীবনযাত্রা ?
যে হাত কাটে তাতেই তার রক্ত ঝরে।
ভাবতে ভাবতে তুলিকা টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে,
যখন ঘুম ভাঙে তখন দেখে তার সমস্ত ঘর আলোয় ভরে গেছে।
হাসিমুখে পাশে দাঁড়িয়ে চির প্রতিদ্বন্দী স্বামীদেবতাটি,
হাতে আখড়া' সাহিত্য পরিষদের খাম।
চলো ! আমিও যাবো কবি সম্মাননা অনুষ্ঠানে।
জয়ের আনন্দে জলভরা চোখে তাকায়
দীর্ঘ দশ বছরের চেনা মানুষটির দিকে।


এ জাতীয় আরো খবর