মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

সৌদি যুবরাজের মাধ্যমে আলোচনার তিন শর্ত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র: দাবি ইরানের জ্যেষ্ঠ এমপির

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১২-০২ ২৩:০১:৫৩
ছবি: সংগৃহীত।

ইরানের সংসদের জ্যেষ্ঠ সদস্য মুজতবা জোননুরি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মাধ্যমে তেহরানের কাছে আলোচনায় ফেরার তিনটি শর্ত পাঠিয়েছেন। সোমবার রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান, যা ইরান ইন্টারন্যাশনালের আগের প্রতিবেদনের সত্যতা আরও জোরালো করেছে।
জোননুরি বলেন, ট্রাম্পের দেওয়া তিন শর্তের কোনোটি–ই ইরানের কাছে গ্রহণযোগ্য নয় এবং এগুলো আলোচনার যৌক্তিক ভিত্তি হতে পারে না। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে দাবি করে আসছে-ইরানকে পুরোপুরি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করতে হবে, মধ্যপ্রাচ্যে তেহরানপন্থী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন তুলে নিতে হবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা মেনে চলতে হবে।
ইরান এসব শর্তকে বারবার ‘অগ্রহণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে। জোননুরির ভাষায়, ‘এগুলো আমাদের জাতীয় নিরাপত্তা ধ্বংসের পূর্বশর্ত। যুক্তরাষ্ট্র যদি সত্যিকারের গিভ অ্যান্ড টেক আলোচনার টেবিলে আসে এবং সৎ উদ্দেশ্যের প্রমাণ দেয়, তেহরানের আলোচনায় সমস্যা নেই।’
তিনি যুক্তরাষ্ট্রের আঞ্চলিক নীতির সমালোচনা করে বলেন, ‘আপনি ইসরায়েলকে সমর্থন দেওয়া বন্ধ করুন, ইসরায়েল নিজেই ধসে পড়বে। আমাদের আলাদা করে কোনো প্রতিরোধ আন্দোলনকে সমর্থন করতে হবে না।’
ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পর্কে তিনি প্রশ্ন তোলেন-‘আমরা কেন আমাদের মিসাইল প্রোগ্রাম বন্ধ করব? ৩০০ কিলোমিটার রেঞ্জে সীমাবদ্ধ করার কোনো যুক্তিই নেই।’
এদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি গত বৃহস্পতিবার বলেন, তেহরান নাকি রিয়াদের সহায়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেষ্টা করছে-এমন দাবি ভিত্তিহীন এবং ইরানের মর্যাদার পরিপন্থি।

কীওয়ার্ডস: ইরান যুক্তরাষ্ট্র আলোচনা, ট্রাম্প শর্ত, সৌদি যুবরাজ


এ জাতীয় আরো খবর