মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

অ র্চ না মা লা কা র

  • আমাকে ডেকো না
  • ২০২৫-১২-০১ ২২:৪৫:০৪

আমাকে ডেকো না, ঘুম ভেঙে দিও না
আমি আর একটু ঘুমোতে চাই
তোমাকে স্বপ্নে দেখবো বলে।

অমন করে ডেকো না আর
পাহাড়ের চূড়ায় উঠতে চাই বাংলার মুখ দেখতে
ঝরনার মতো ঝরতে চাই সাগর পানে ছুটতে
পাখির মতো নীলাকাশে উড়তে চাই ডানা মেলে,
আমি আর একটু ঘুমোতে চাই,
স্বপ্ন বিভোরে ওদের সাথে ঘুরতে
যারা বাস্তুহারা রোদ বৃষ্টিতে পড়ে থাকে পথেঘাটে।

ঘুরতে চাই অসহায় পথশিশুদের সাথে
যারা শীতের সকালে একটু রোদের অপেক্ষায় থাকে।
আমাকে আর একটু ঘুমোতে দাও ---
আমি ওদের সাথে সুখদুঃখের গল্প করি,
বাস্তবে যাদের কাছে যেতে পারি না মিথ্যা দম্ভে।

আমাকে ডেকো না আমি একটু স্বস্তি চাই,
চাই মুক্তি পেতে বিবেকের দংশন থেকে
স্বপ্নঘোরেই আমাকে একটু প্রশান্তির আলো ছুঁতে দাও।


এ জাতীয় আরো খবর