মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

ইমামোগলু-সমর্থন বিক্ষোভে আটক ৮৭ তরুণকে খালাস দিল তুর্কি আদালত

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১১-২৯ ০৮:৪২:৫৭
ছবি: সংগৃহীত।

ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলুর প্রতি সমর্থন জানাতে আয়োজিত বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক ৮৭ জন তরুণকে অবশেষে খালাস দিয়েছে তুরস্কের একটি আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে শুক্রবার ইস্তাম্বুলের প্রধান চাগলায়ান আদালত রায়ে জানায়, অভিযোগ প্রমাণের জন্য যথেষ্ট তথ্য-প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি।
গত মার্চের শেষ দিকে আয়োজিত ওই বিক্ষোভে মূলত বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং তরুণ কর্মীরা অংশ নেন। ইমামোগলুকে কারাবাসে পাঠানোর প্রতিবাদ জানাতেই তারা রাস্তায় নামেন। বিক্ষোভ চলাকালে পুলিশ তাদের আটক করে বিভিন্ন মামলায় অভিযুক্ত করে।
ইস্তাম্বুলের মেয়র একরেম ইমামোগলু বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের অন্যতম প্রধান রাজনৈতিক চ্যালেঞ্জার হিসেবে বিবেচিত। তার বিরুদ্ধে নেওয়া সাম্প্রতিক আইনি পদক্ষেপ নিয়ে তুরস্কজুড়ে সমালোচনা চলছে। তরুণদের পরিবার আদালতের এ রায়কে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন।
এর আগে বৃহস্পতিবার আরেকটি মামলায় চার সাংবাদিককে খালাস দেন আদালত। তাদের মধ্যে আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি’র ফটোগ্রাফার ইয়াসিন আকগুলও ছিলেন। সাম্প্রতিক সময়ে ইস্তাম্বুলে রাজনৈতিক বিরোধীদের লক্ষ্য করে নেওয়া পদক্ষেপ নিয়ে দেশ-বিদেশে যে সমালোচনা চলছে, ধারাবাহিক খালাসের রায় সে প্রেক্ষাপটে নতুন আলোচনার জন্ম দিয়েছে।

কীওয়ার্ডঃ
ইস্তাম্বুল খালাস
ইমামোগলু বিক্ষোভ
তুরস্ক আদালত


এ জাতীয় আরো খবর