দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হলো ৪৫তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফল। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) বুধবার (২৬ নভেম্বর) রাতে ফল প্রকাশ করে জানায়, বিভিন্ন ক্যাডারে মোট ১ হাজার ৮০৭ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। প্রায় তিন বছরব্যাপী এই বিসিএস প্রক্রিয়ার মাধ্যমে অবশেষে নির্বাচিত প্রার্থীদের তালিকা চূড়ান্ত হলো।
প্রাথমিক বিজ্ঞপ্তিতে ২ হাজার ৩০৯টি শূন্য পদের বিপরীতে পরীক্ষায় অংশ নিলেও চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন ৫০২ জন কম। পিএসসি জানায়, স্বাস্থ্য ক্যাডার এবারও সবচেয়ে বড় অংশ দখল করেছে। সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন মিলিয়ে এই ক্যাডারে নিয়োগ পাচ্ছেন মোট ৫৩৯ জন। শিক্ষা ক্যাডারে নিয়োগ হবে ৪৩৭ জন, প্রশাসনে ২৭৪ জন, পুলিশ ক্যাডারে ৮০ জন এবং কাস্টমস ক্যাডারে ৫৪ জন।
ফলাফল কমিশনের ওয়েবসাইটে ([www.bpsc.gov.bd](http://www.bpsc.gov.bd)) প্রকাশ করা হয়েছে।
২০২২ সালের ৩০ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৫তম বিসিএসের যাত্রা শুরু হয়। আবেদন গ্রহণের সাড়ে পাঁচ মাস পর ২০২৩ সালের ১৯ মে অনুষ্ঠিত হয় প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে অংশ নেন ২ লাখ ৬৮ হাজার ১১৯ জন প্রার্থী। সেখান থেকে ১২ হাজার ৭৮৯ জন প্রার্থী লিখিত পরীক্ষায় অংশ নেন ২০২৪ সালের ২৩–৩১ জানুয়ারি পর্যন্ত।
এরপর ১৯ জুন লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হলে উত্তীর্ণ হন ৬ হাজার ৫৫৮ জন। তাদের ভাইভা শুরু হয় গত ৮ জুলাই এবং সম্পূর্ণ হয় ১০ নভেম্বর। এরপর সব প্রক্রিয়া শেষ করে পিএসসি চূড়ান্ত তালিকা প্রকাশ করে।
অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর পুনর্গঠিত পিএসসি বিসিএস কার্যক্রমে গতি ফেরাতে কাজ শুরু করে-এপ্রসঙ্গে চাকরিপ্রার্থীরা দীর্ঘদিন ধরে দ্রুততার দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে ফল প্রকাশের মাধ্যমে সেই প্রতীক্ষার অবসান হলো।
কীওয়ার্ড:
৪৫তম বিসিএস
পিএসসি ফল
ক্যাডার নিয়োগ