মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

৪৪তম বিসিএসের ৩৯৭৭ জনকে নন-ক্যাডারে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-২৬ ১০:১৯:৫৮

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হলেও ক্যাডার পদে সুযোগ না পাওয়া প্রার্থীদের জন্য নন-ক্যাডার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। মোট ৩ হাজার ৯৭৭ প্রার্থীকে নবম থেকে দ্বাদশ গ্রেড পর্যন্ত বিভিন্ন নন-ক্যাডার পদে নিয়োগ দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মঙ্গলবার পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীনের স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪৪তম বিসিএসের লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় উত্তীর্ণ হওয়া কিন্তু ক্যাডারে সুপারিশের বাইরে থাকা আগ্রহী প্রার্থীদের কাছ থেকে পছন্দক্রম চাওয়া হচ্ছে। ‘নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা-২০২৩’ অনুযায়ী তাদের শিক্ষাগত যোগ্যতা ও মেধাক্রম বিবেচনায় নিয়োগ দেওয়া হবে।
পিএসসির তথ্য অনুযায়ী, নন-ক্যাডার পদগুলোর মধ্যে নবম গ্রেডে ৫৮৭টি, দশম গ্রেডে ২৯৭৪টি এবং একাদশ গ্রেডে ৪১৬টি পদে সুপারিশ করা হবে। প্রার্থীরা আগামী ৩ জুন সকাল ৬টা থেকে ১৭ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া পিএসসির ওয়েবসাইট ও টেলিটকের নির্ধারিত পোর্টালে সম্পন্ন হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রয়োজন মনে করলে নিয়োগসংক্রান্ত তথ্য সংশোধনের ক্ষমতা কমিশন সংরক্ষণ করে।

কীওয়ার্ডঃ ৪৪তম বিসিএস,নন-ক্যাডার নিয়োগ,পিএসসি বিজ্ঞপ্তি


এ জাতীয় আরো খবর