রবিবার, মে ৩১, ২০২৬

জাতীয় নির্বাচন ও গণভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিশ্চিত করল নির্বাচন কমিশন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-২৩ ২২:২৫:৫৮
ছবি: সংগৃহীত।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই দিনে গণভোট আয়োজনকে সামনে রেখে ভোটগ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে আয়োজন নির্বাচন কমিশনের জন্য বাড়তি দায়িত্ব হলেও সামগ্রিক প্রস্তুতি পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে।
রোববার ঢাকায় কমনওয়েলথ মহাসচিব শার্লি বোচওয়ের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সৌজন্য সাক্ষাৎ শেষে ইসি সচিব এই তথ্য জানান।
ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কমনওয়েলথ প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে নির্বাচন প্রস্তুতি, প্রযুক্তি ব্যবহার, নিরাপত্তা পরিকল্পনা এবং নতুন উদ্যোগসহ সার্বিক অগ্রগতি তুলে ধরা হয়েছে। কমিশন নিশ্চিত করেছে যে ভোটগ্রহণের সব সামগ্রী ইতোমধ্যেই প্রস্তুত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রথমবারের মতো বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের জন্য ওসিভি বা আউট অব কান্ট্রি ভোটিং কার্যক্রম এগিয়ে চলছে, যা নির্বাচনী ব্যবস্থায় নতুন অধ্যায় যুক্ত করবে। পাশাপাশি আইসিপিভি বা ইন কান্ট্রি পোস্টাল ভোটিংয়ের মাধ্যমে আইনি হেফাজতে থাকা ভোটার, স্থান পরিবর্তনকারী সরকারি চাকরিজীবীসহ প্রায় ১০ লাখ ভোটারকে ভোটদান সুবিধার আওতায় আনা হচ্ছে।
এছাড়া নির্বাচন ঘিরে মিসইনফরমেশন, ডিজইনফরমেশন ও ফেক নিউজ প্রতিরোধে বিশেষ সেল কাজ করছে। গণমাধ্যমের মাধ্যমে নিয়মিত আপডেটসহ যাচাই-বাছাই প্রক্রিয়া আরও জোরদার করা হবে বলেও কমিশন জানিয়েছে।
কমিশন নিশ্চিত করেছে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় অবাধ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে তারা কাজ করছে। বিদেশি পর্যবেক্ষকদের স্বাগত জানিয়ে কমিশন আশা প্রকাশ করেছে, এ নির্বাচন দেশ-বিদেশে সর্বজনস্বীকৃত একটি সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া হিসেবে প্রতিফলিত হবে।

কীওয়ার্ডস:নির্বাচন প্রস্তুতি, গণভোট, ওসিভি


এ জাতীয় আরো খবর