বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

নির্বাচনী দায়িত্বে দক্ষতার আহ্বান প্রধান উপদেষ্টার

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-২১ ১৯:১৫:৪৮
ছবি: সংগৃহীত।

সশস্ত্র বাহিনী দিবস ২০২৫ উপলক্ষে রাজধানীর সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, আর এই নির্বাচনকে নির্বিঘ্ন ও উৎসবমুখর করতে সশস্ত্র বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রধান উপদেষ্টা তাঁর বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ, যুদ্ধাহত, এবং সব মুক্তিযোদ্ধাকে স্মরণ করেন। পাশাপাশি ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতিও গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, ১৯৭১ সালের ২১ নভেম্বর সেনা, নৌ ও বিমান বাহিনীর সম্মিলিত অভিযানে মুক্তিযুদ্ধ নতুন গতি পায় এবং শেষ পর্যন্ত অর্জিত হয় চূড়ান্ত বিজয়।
অধ্যাপক ইউনূস জানান, স্বাধীনতার পর থেকে সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং জাতীয় সংকটে জনগণের পাশে থেকে কাজ করেছে। বিশেষ করে ২০২৪ সালের আন্দোলন-পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও পুনর্গঠনে বাহিনীর ভূমিকা প্রশংসনীয় বলে তিনি উল্লেখ করেন।
তিনি আশা প্রকাশ করেন, বাহিনীর সদস্যরা গণতান্ত্রিক ও সাংবিধানিক নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে পেশাগত দক্ষতা ও দেশপ্রেমের মাধ্যমে তাদের কাজ আরও শক্তিশালী করে তুলবেন।
দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীকে সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, আধুনিকায়ন, উন্নত প্রশিক্ষণ এবং যুগোপযোগী প্রযুক্তি সংযোজনের মাধ্যমে সেনা, নৌ ও বিমান বাহিনীকে আরও সক্ষম করে তোলা হচ্ছে।
তিনি আরও জানান, গত ৩৭ বছরে ৪৩টি দেশে ৬৩টি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সফলভাবে অংশ নিয়ে বাংলাদেশ বিশ্বের প্রশংসা অর্জন করেছে। চ্যালেঞ্জপূর্ণ অঞ্চলে দায়িত্ব পালনের জন্য শান্তিরক্ষীদের আধুনিক প্রশিক্ষণ ও সরঞ্জাম নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।
সংবর্ধনায় প্রধান উপদেষ্টা নির্বাচিত খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সম্মাননা প্রদান করেন এবং সশস্ত্র বাহিনীর ধারাবাহিক উন্নয়ন ও জাতীয় দায়িত্ব পালনে আরও ঐক্যবদ্ধ ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।

কীওয়ার্ডস: সশস্ত্র বাহিনী দিবস,নির্বাচন,প্রধান উপদেষ্টা


এ জাতীয় আরো খবর