রবিবার, মে ৩১, ২০২৬

সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-২১ ১০:২৮:০০
ছবি: সংগৃহীত।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে জাতীয় স্মৃতির প্রতীক শিখা অনির্বাণে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তারা মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গ করা সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মরণ করেন।
ফজরের নামাজের পর দেশের সব সেনানিবাস, নৌঘাঁটি ও বিমানঘাঁটির মসজিদে বিশেষ মোনাজাতের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের আত্মত্যাগ, দেশের অগ্রগতি এবং সশস্ত্র বাহিনীর সুদৃঢ় বিকাশ কামনা করে এ মোনাজাত অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রপতি তার বাণীতে বলেন, স্বাধীনতা-পরবর্তী প্রতিটি সংকটে সশস্ত্র বাহিনী দেশের মানুষের পাশে দাঁড়িয়েছে। ছাত্র-জনতার সাম্প্রতিক গণঅভ্যুত্থান-পরবর্তী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখা এবং দুর্যোগ মোকাবিলায় বাহিনীর আন্তরিক ভূমিকা সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দেশপ্রেম ও শৃঙ্খলার সমন্বয়ে সশস্ত্র বাহিনী ভবিষ্যতেও জাতির আস্থা অটুট রাখবে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দিবস উপলক্ষে তিন বাহিনীর সদস্যদের শুভেচ্ছা জানিয়ে বলেন, গণঅভ্যুত্থান থেকে শুরু করে শিল্প-কারখানার নিরাপত্তা এবং জরুরি পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত ১৫ মাসে তাদের নিবেদিত দায়িত্বপালনের ফলে দেশের স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানরা নিজ নিজ বাহিনীর পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিন বাহিনী প্রধান প্রধান উপদেষ্টা ও রাষ্ট্রপতির সঙ্গে পৃথক সৌজন্য সাক্ষাৎ করবেন।
এ ছাড়া দিবস উপলক্ষে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারদের সংবর্ধনা জানানো হবে। সন্ধ্যায় সেনাকুঞ্জে আয়োজিত রাষ্ট্রীয় সংবর্ধনায় বিচারপতি, বিদেশি কূটনীতিক, মুক্তিযোদ্ধা পরিবার, বীরশ্রেষ্ঠদের উত্তরাধিকারীসহ বিভিন্ন শ্রেণিপেশার আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে।

কীওয়ার্ডস: সশস্ত্র বাহিনী দিবস, শিখা অনির্বাণ, রাষ্ট্রপতি


এ জাতীয় আরো খবর