আজ (বুধবার) জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের স্মরণ সভায়,প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,ভৌগলিক অবস্থানের কারণে কিছু মোড়ল দেশ তাদের কথা রাখার মত সরকার চায় বাংলাদেশে।
আওয়ামী লীগ প্রধান বলেন, তাঁদের দলই বুকের তাজা রক্ত দিয়ে দেশে গণতন্ত্র এবং ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে। প্রতিপক্ষ বিএনপি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, হত্যা, খুন, গুম আর অবৈধভাবে জন্ম নেয়া দলের মুখে গণতন্ত্রের কথা শুনতে হয়, যা দুর্ভাগ্যজনক।
শেখ হাসিনা বলেন, বিএনপি যখনই ক্ষমতায় ছিলো তখন দেশের মানুষের ভাগ্যে হত্যা, খুন, গুম আর ষড়যন্ত্র ছাড়া কিছুই জোটেনি। আওয়ামী লীগ ক্ষমতায় এসে মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করেছে। দেশ এখন উন্নয়নশীল হয়েছে; যার সুফল জনগণ পাচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এসময় শেখ হাসিনা বলেন, ভোটের অধিকার নিয়ে ছিনিমিনি খেলা জিয়াউর রহমান শুরু করেছিল। তিনি নিজের লোকের হাতে খুন হয়েছেন। বিএনপির আমলে কারফিউ দিয়ে দেশ চালানো হতো বলে উলেখ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, যারা শ্রমিক হত্যা করে, যারা গণতন্ত্রকে প্রতিষ্ঠিত হতে দেয়নি, তারাই এখন গণতন্ত্রের কথা বলে। জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া বিএনপির মুখে গণতন্ত্রের কথা মানায়না।