যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের দীর্ঘতম অচলাবস্থার অবসান ঘটল অবশেষে। ৪৩ দিনের তহবিল স্থগিতকরণে কার্যত স্থবির হয়ে পড়া প্রশাসন ফের সচল করতে বুধবার একটি বিল স্বাক্ষর করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিলটি কার্যকর হওয়ায় বৃহস্পতিবার থেকে সব ফেডারেল দপ্তর ও সংস্থা আবারও পূর্ণাঙ্গভাবে কার্যক্রম শুরু করবে।
রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের পারস্পরিক দোষারোপে জটিল হয়ে উঠেছিল পরিস্থিতি। দীর্ঘ অচলাবস্থায় লাখো সরকারি কর্মচারী বেতন থেকে বঞ্চিত হন, অনেককে সাময়িক ছুটিতে পাঠানো হয়। অবশেষে রিপাবলিকান নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদে বিল পাসের পর প্রেসিডেন্টের স্বাক্ষর এটিকে বাস্তবায়নের পথ করে দেয়।
বিল স্বাক্ষরের সময় ওভাল অফিসে ট্রাম্প ডেমোক্র্যাটদের কড়া সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, পরিকল্পিত বিশৃঙ্খলার মাধ্যমে দেশকে অচল করে দেওয়ার চেষ্টা হয়েছে এবং ভোটারদের আগামী মধ্যবর্তী নির্বাচনে এ ঘটনার মূল্যায়ন করতে আহ্বান জানান। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সরকারের ওপর কোনো চাপ বা জবরদস্তি চাপিয়ে দিতে দেওয়া হবে না।
বিল কার্যকর হওয়ায় প্রায় ৬ লাখ ৭০ হাজার ছুটিতে পাঠানো সরকারি কর্মী আবারও কাজে ফিরবেন। যারা কাজ করেও বেতন পাননি, তাদের সব বকেয়া পরিশোধ করা হবে। এর মধ্যে আছেন ৬০ হাজারের বেশি বিমান পরিবহন নিয়ন্ত্রক ও বিমানবন্দরের নিরাপত্তা কর্মীও।
ট্রাম্পের সমর্থনে রিপাবলিকানদের অবস্থান আরও দৃঢ় হয়েছে। তবে ডেমোক্র্যাটদের বড় একটি অংশ এই সমঝোতাকে নিজেদের নেতাদের আত্মসমর্পণ হিসেবে দেখছেন এবং প্রকাশ করেছেন ক্ষোভ।
অচলাবস্থার অবসানে স্বস্তি ফিরলেও রাজনৈতিক উত্তাপ যে আরও বাড়বে, তা স্পষ্ট করে দিয়েছেন ট্রাম্প-“দেশের সঙ্গে যারা এমন পরিস্থিতি সৃষ্টি করেছে, নির্বাচনে তাদের কথা মনে রাখবেন।”
কীওয়ার্ডস:যুক্তরাষ্ট্র সরকার, ট্রাম্প বিল, অচলাবস্থা অবসান