রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে জুলাই সনদ বাস্তবায়ন আদেশে স্বাক্ষর করেছেন। বঙ্গভবনের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। রাষ্ট্রপতির এই স্বাক্ষরের মধ্য দিয়ে সংবিধান সংস্কার বিষয়ক গণভোট আয়োজনের আনুষ্ঠানিক পথ উন্মুক্ত হলো।
জানা গেছে, জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপের ভিত্তিতে চূড়ান্ত করা সংস্কার প্রস্তাবগুলো জুলাই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এসব প্রস্তাবের ওপর জনগণের মতামত নিতেই গণভোট আয়োজন করা হবে।
এরই মধ্যে প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস বিকেল আড়াইটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন, যেখানে তিনি গণভোটের সম্ভাব্য তারিখসহ এর বিস্তারিত প্রক্রিয়া ঘোষণা করবেন বলে জানা গেছে। ভাষণটি বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার হবে।
এর আগে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া ও সময়সূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন কমিশনের প্রস্তাবিত দুটি বিকল্প উপায় পর্যালোচনা করা হয়।
অন্তর্বর্তী সরকার সূত্রে জানা গেছে, গণভোটের মাধ্যমে জনগণের অনুমোদন পেলে এই সনদের আলোকে নতুন সংবিধান সংশোধন কার্যক্রম শুরু হবে।
কীওয়ার্ডস: জুলাই সনদ, রাষ্ট্রপতির স্বাক্ষর, গণভোট