সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল সংক্রান্ত মামলার আপিলের রায় ঘোষণা করা হবে আগামী ২০ নভেম্বর। মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এ তারিখ নির্ধারণ করেন।
এই রায়ের মাধ্যমে নির্ধারিত হবে, বাংলাদেশে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল হবে কি না, এবং হলে তা কীভাবে কার্যকর হবে।
এর আগে পঞ্চদশ সংশোধনী আইনের কিছু অংশ বাতিল করে হাইকোর্ট এক রায়ে তত্ত্বাবধায়ক সরকার ফেরার আইনি সুযোগ সৃষ্টি করে। সেই প্রেক্ষিতেই এখন দেশের সর্বোচ্চ আদালতের এই রায়কে রাজনৈতিক ও আইনি উভয় মহলেই গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।
মামলাটিতে ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ আবেদন করা হয়েছিল। এসব আবেদনের শুনানি শেষে গত ২৭ আগস্ট আপিলের অনুমতি দেয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত হয়। তবে ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এটি বাতিল করা হয়। এরপর থেকেই বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র বিতর্ক চলে আসছে।
আইন বিশেষজ্ঞদের মতে, এই রায়ের মাধ্যমে দেশের নির্বাচনী কাঠামোর ভবিষ্যৎ দিকনির্দেশনা স্পষ্ট হবে এবং রাজনৈতিক অচলাবস্থা নিরসনেরও একটি বড় দিক উন্মোচিত হতে পারে।
কীওয়ার্ডস:
তত্ত্বাবধায়ক সরকার, ত্রয়োদশ সংশোধনী, আপিল রায়