সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত বেতনসীমা অতিক্রম করলে এখন থেকে তাদের মাসিক বেতন থেকে বাধ্যতামূলকভাবে উৎসে আয়কর কর্তন করা হবে। সোমবার (১০ নভেম্বর) হিসাব মহানিয়ন্ত্রক (সিজিএ) কার্যালয়ের অতিরিক্ত হিসাব ও পদ্ধতি শাখা থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে।
নির্দেশনায় বলা হয়, আয়কর আইন ২০২৩ অনুযায়ী চলতি অর্থবছরে যেসব পুরুষ কর্মকর্তা-কর্মচারীর মাসিক মূল বেতন ২৬ হাজার ৭৮৫ টাকা এবং নারী কর্মকর্তা-কর্মচারীর বেতন ৩০ হাজার ৩৫৭ টাকা বা তার বেশি, তাদের আয় করমুক্ত সীমার বেশি হওয়ায় উৎসে আয়কর কর্তন বাধ্যতামূলক।
সিজিএ কার্যালয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, বেতন বিল প্রস্তুতের সময় সংশ্লিষ্ট হিসাব কর্মকর্তাদের আয়কর কর্তন নিশ্চিত করতে হবে। ট্রেজারি রুলস এসআর-১২৫ অনুযায়ী, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বিল হতে আয়করসহ অন্যান্য কর্তনের দায়িত্ব উত্তোলনকারী কর্মকর্তার ওপর বর্তাবে।
এই নির্দেশনা বাস্তবায়নের জন্য দেশের সব চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অফিসার, বিভাগীয় ও জেলা হিসাব নিয়ন্ত্রক, উপজেলা হিসাব কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।
চিঠিটি অর্থ বিভাগেও পাঠানো হয়েছে, যেখানে সচিবের মাধ্যমে বাজেট-১ অনুচ্ছেদে কর্মরত যুগ্ম সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জারি করা এক আধা-সরকারি চিঠিতেও সরকারি বেতনভোগীদের উৎসে কর কর্তনের বিষয়ে স্পষ্ট নির্দেশনা প্রদান করা হয়েছিল। নতুন এ নির্দেশনার ফলে কর কর্তন কার্যক্রম আরও স্বচ্ছ ও একীভূতভাবে পরিচালিত হবে বলে আশা করা হচ্ছে।
কীওয়ার্ডস:
আয়কর কর্তন,সরকারি কর্মকর্তা,সিজিএ নির্দেশনা