মঙ্গলবার, ডিসেম্বর ১৬, ২০২৫

আজ জেলহত্যা দিবস: জাতির ইতিহাসের এক বেদনাবিধুর অধ্যায়

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৫-১১-০৩ ১০:০১:১৩
ফাইল ছবি

আজ ৩ নভেম্বর, জেলহত্যা দিবস। বাংলাদেশের ইতিহাসে দিনটি স্মরণীয় এক বেদনাভরা অধ্যায়। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বন্দী অবস্থায় নির্মমভাবে হত্যা করা হয় স্বাধীনতা যুদ্ধের সময় মুজিবনগর সরকারের চার শীর্ষ নেতা-অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রী ক্যাপ্টেন এম মনসুর আলী এবং মন্ত্রী এ এইচ এম কামারুজ্জামানকে।
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ষড়যন্ত্রকারীরা তাঁর এই চার ঘনিষ্ঠ সহযোগীকেও কারাগারে পাঠায়। এরপর রাতের অন্ধকারে পরিকল্পিতভাবে হত্যা করা হয় তাঁদের। এই হত্যাকাণ্ডই পরবর্তীতে ইতিহাসে “জেলহত্যা মামলা” নামে পরিচিত হয়।
ঘটনার তদন্ত দীর্ঘ ২১ বছর স্থবির থাকার পর ১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে মামলাটি পুনরায় চালু হয়। প্রায় তিন দশক পর ২০০৪ সালে আদালত রায় দেন, যেখানে তিনজনকে মৃত্যুদণ্ড ও আটজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্তদের অধিকাংশই এখনো পলাতক রয়েছেন।
জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে আজ সারাদেশে আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন আলোচনা সভা, শোকর‌্যালি এবং দোয়া মাহফিলের আয়োজন করেছে।

কীওয়ার্ডস:জেলহত্যা দিবস, জাতীয় চার নেতা, ৩ নভেম্বর


এ জাতীয় আরো খবর