কিছু ভুল ! সে তো ভুল নয় !
হয়তো ঊষর মন মরুভূমিতে কাঁটাগাছের চোখ এড়িয়ে কিছু অনামী ফুল !
যার মাতাল করা সৌরভ এড়ানোর কোন দায় নেই আমার !
জন্ম নেয় নতুন কিছু প্রাপ্তি,
আমি খুঁজে পাই ছায়ার ভেতর আলো !
যেন ভাঙা আয়নায় দেখা যায় মুখের সত্যিকারের আদল !
নিজের সঙ্গেই যুদ্ধ প্রতিদিন,
আর হেরে যাওয়ায় এক অদ্ভুত সুখ !
এ সুখ কোলাহলের নয়,
এ সুখ কোনো স্বপ্নের মূল্যে
কেনা যায় না।
বরং লাল চক্রব্যূহের ভেতর থেকে
আমি শিখেছি নিঃশ্বাসের মানে !
যেখানে নিয়মের বাঁধন ছিঁড়ে
আত্মা একফালি নীলের খোঁজে ছুটে যায়।
চারপাশে রেড সিগন্যাল,
তবু অন্তরে সবুজের ঢেউ !
শরীর চায় থামতে,
মন চায় উড়তে,
আত্মা শুধু সান্ত্বনা দেয় !
মুক্ত হও! আমি আছি তোমার সাথে !
পাপ পূণ্য প্রেমের ব্যাকরণে
অথবা অভিধানে
নিছকই অপ্রাসঙ্গিক এক
নয়া শব্দের বাড়তি উপদ্রব।
মন ? সেতো ধাবমান রথ !
শরীর তার সওয়ারি।
আত্মা থাকে নিশ্চিন্তে।
প্রেম সেখানে নদীর মতো,
যে নিজের স্রোতে বয়ে চলে,
তীরে বাঁধা পড়ে না কখনো।
যাকে ভালোবাসি, তার মুখে যদি
অচেনা আলোর ছায়া দেখি,
তবু ভালোবাসা থামে না
ওই দূরত্ব কয়েক আলোকবর্ষ হলেও
প্রেমের নক্ষত্র তার আলো পাঠায় ধীরে ধীরে।
আমি গলতে থাকি !
গলতে গলতে অপার্থিব জ্যোৎস্নার
ছায়াপথে ছড়িয়ে যাই !
শৃঙ্খল ভাঙা মানেই দায়হীনতা নয়,
এ তো আত্মার পুনর্জন্ম !
যেখানে দায় নয়, মায়া ভাঙে;
আর মায়া ভাঙলে,
ভালোবাসা খাঁটি সোনার মতো ঝলসে ওঠে।
জাগতিক সুখ দগ্ধ করে মনকে,
কিন্তু অপার্থিব জ্যোৎস্নায় শরীর গলে যায় নিঃশব্দে।
প্রেম তখন এক পবিত্র অগ্নি !
আমাকে পুড়িয়ে নয়, শুদ্ধ করে।
এখন আমি জানি,
শরীর, মন, আত্মা !
সবই ধ্বনির প্রতিধ্বনি,
একই সুরে বাঁধা জীবনের অমল গীত।
সেই সুরেই মিশে আছে সম্ভোগের তৃপ্তি,
মানসিক পরিতৃপ্তি,
আর আত্মার অবসানহীন শান্তি।
প্রেম শুধু মুক্তি নয়,
প্রেমই সেই একমাত্র ধ্বনি !
যেখানে আমি, তুমি,
আর অসীম ! একাকার হয়ে যাই।