মিথ্যা তথ্য প্রদান ও একাধিক গেজেটে নাম অন্তর্ভুক্তির অভিযোগে ১২৮ জন জুলাই যোদ্ধার নাম সরকারি তালিকা থেকে বাতিল করেছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। বুধবার (২৯ অক্টোবর) মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে ২৩ জনের নাম দ্বৈত গেজেটে ছিল এবং ১০৫ জন প্রকৃতপক্ষে আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না। জেলা কমিটির সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভাগভিত্তিকভাবে বাতিল হওয়া নামগুলোর মধ্যে চট্টগ্রাম বিভাগের ৩৯ জন, সিলেটের ২৭ জন, ময়মনসিংহের ২১ জন, ঢাকার ১৪ জন, রাজশাহীর ১৩ জন, খুলনার ৯ জন, রংপুরের ৩ জন ও বরিশালের ২ জন রয়েছেন।
মন্ত্রণালয় জানিয়েছে, ভুয়া তথ্য দিয়ে জুলাই যোদ্ধা হিসেবে তালিকাভুক্ত হয়ে সরকারি সুবিধা গ্রহণকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রকৃত আহত ও অংশগ্রহণকারীদের সম্মান রক্ষায় যাচাই-বাছাই প্রক্রিয়া অব্যাহত থাকবে।
কীওয়ার্ডস: জুলাই যোদ্ধা, গেজেট বাতিল, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়