দেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য না থাকলে কোনো দল বা জোটের পক্ষে এককভাবে সরকার গঠন ও তা টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২৯ অক্টোবর) বিকেলে রংপুর পর্যটন মোটেলে বিভাগীয় জেলা ও মহানগর আহ্বায়ক কমিটির সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, “যে কেউ যদি মনে করে এককভাবে নেতৃত্ব দেবে বা সরকার গঠন করবে, সেটা বাস্তবে সম্ভব নয়। দেশের সব পক্ষের মধ্যে ন্যূনতম ঐক্য না থাকলে টেকসই সরকার গঠন করা অসম্ভব।”
নাহিদ ইসলাম আরও বলেন, সংস্কার ও বিচারের দাবিগুলো উপেক্ষা করে নির্বাচনের পথে গেলে তা টেকসই হবে না। তিনি বলেন, “জুলাই সনদ বাস্তবায়নের আগে নির্বাচন আয়োজনের সুযোগ নেই। তাই সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। নির্বাচনের আগে গণহত্যার বিচার ও ন্যায্য নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে হবে।”
এনসিপি আহ্বায়ক নির্বাচন কমিশনের পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন জনগণ ও রাজনৈতিক দলের আস্থা হারিয়েছে। ফেব্রুয়ারিতে নির্বাচন করতে হলে এখনই সংস্কারের পদক্ষেপ নিতে হবে।”
আগামী নির্বাচনে জোট গঠনের বিষয়ে তিনি বলেন, “এনসিপি এককভাবে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছে। তবে বৃহত্তর স্বার্থে বা কৌশলগত প্রয়োজনে সমঝোতার সুযোগ খোলা আছে।”
তিনি আরও যোগ করেন, “দেশে দুর্নীতি, দখলদারত্ব ও সামাজিক ফ্যাসিবাদের উত্থান ঘটেছে। এই সংকট মোকাবিলায় রাজনৈতিক ঐক্য এখন সময়ের দাবি।”
বৈঠকে দলের সদস্য সচিব আখতার হোসেন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কীওয়ার্ডস: নাহিদ ইসলাম, রাজনৈতিক ঐক্য, এনসিপি