বুধবার, নভেম্বর ১৮, ২০২৬

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের উত্তরসূরি ঘোষণা: হুসেইন আল-শেখ হবেন অস্থায়ী রাষ্ট্রপ্রধান

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২০২৫-১০-২৮ ১৯:১৯:৫৩
ফাইল ছবি

ফিলিস্তিনে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনার অবসান ঘটিয়ে নিজের উত্তরসূরির নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। রোববার (২৬ অক্টোবর) এক সাংবিধানিক ঘোষণায় তিনি ঘনিষ্ঠ সহযোগী ও পিএলওর নির্বাহী কমিটির ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল-শেখকে অস্থায়ী উত্তরসূরি হিসেবে মনোনীত করেন।
সরকারি বার্তা সংস্থা ওয়াফা ও তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক–এর প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্টের পদ শূন্য হলে হুসেইন আল-শেখ সাময়িকভাবে ফিলিস্তিনের রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করবেন। ঘোষণায় আরও বলা হয়েছে, নতুন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রয়োজনে রাজনৈতিক বা নিরাপত্তাজনিত কারণে সময়সীমা একবারের জন্য বাড়ানো যেতে পারে।
এই নতুন সাংবিধানিক নির্দেশে ২০২৪ সালের পূর্বের ডিক্রি বাতিল করা হয়েছে, যেখানে প্রেসিডেন্টের অনুপস্থিতিতে ফিলিস্তিনি জাতীয় পরিষদের (পিএনসি) চেয়ারম্যানকে উত্তরসূরি হিসেবে নির্ধারণ করা হয়েছিল। আব্বাসের মতে, নতুন ব্যবস্থাটি ফিলিস্তিনের রাজনৈতিক কাঠামোকে আরও “দায়িত্বশীল, গণতান্ত্রিক ও স্বচ্ছ” করবে এবং বিচার বিভাগ, নির্বাহী ও আইন প্রণয়ন বিভাগের পৃথকীকরণ নিশ্চিত করবে।
৮৯ বছর বয়সী মাহমুদ আব্বাস ২০০৫ সাল থেকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। ইয়াসির আরাফাতের মৃত্যুর পর ক্ষমতায় আসা এই প্রবীণ নেতা দীর্ঘ দুই দশক ধরে ফিলিস্তিনের রাজনীতিতে কেন্দ্রীয় ভূমিকা রেখে আসছেন।
তবে তার প্রশাসনকে ঘিরে বিতর্কও কম নয়। ২০০৬ সালের পর থেকে কোনো জাতীয় নির্বাচন না হওয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে সমালোচনা চলছেই। পাশাপাশি পশ্চিম তীর ও গাজার মধ্যে রাজনৈতিক বিভাজনও আব্বাস সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
নতুন ঘোষণার মাধ্যমে আব্বাস মূলত ভবিষ্যৎ নেতৃত্ব হস্তান্তরের পথ নির্ধারণ করলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত ফিলিস্তিনের অভ্যন্তরীণ রাজনীতিতে স্থিতিশীলতা আনতে পারে, যদিও হামাস ও অন্যান্য গোষ্ঠী এর প্রতিক্রিয়া কী দেয়, তা সময়ই বলে দেবে।
হুসেইন আল-শেখ, যিনি দীর্ঘদিন ধরে আব্বাসের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত, আন্তর্জাতিক অঙ্গনে বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশ্লেষকদের মতে, তার নেতৃত্বে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আন্তর্জাতিক পরিসরে একটি ধারাবাহিক কূটনৈতিক কণ্ঠস্বর ধরে রাখতে পারবে।
রাজনৈতিক মহল মনে করছে, এই ঘোষণার মধ্য দিয়ে ফিলিস্তিনে এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে-যেখানে দীর্ঘ রাজনৈতিক অনিশ্চয়তার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হবে।

কীওয়ার্ডস:
ফিলিস্তিন, মাহমুদ আব্বাস, হুসেইন আল-শেখ


এ জাতীয় আরো খবর